শেরপুরে দুটি ইউপিতে বিএনপির প্রার্থী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের সদর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থী দিতে পারেনি বিএনপি। চতুর্থ ধাপে আগামী ৭ মে উপজেলার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপিগুলো হলো গাজীরখামার, ধলা, পাকুরিয়া, ভাতশালা, কামারিয়া, রৌহা ও বাজিতখিলা।

৭ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু পাকুরিয়া ও রৌহায় বিএনপির কেউ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেননি। আর বাছাইয়ে কামারিয়ায় বিএনপির প্রার্থী সুলতান আহম্মেদ স্বপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, জনসংখ্যা ও আয়তনের দিক থেকে সদর উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে পাকুরিয়া। এ ইউপির ভোটার সংখ্যা প্রায় ৩০ হাজার। এখানে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী। তাঁর প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন জাসদের মো. মোশাররফ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. আফজাল হোসেন, মোসাম্মৎ সাজেদা হোসেন ও মো. গোলাম মোস্তফা। রৌহা ইউনিয়নের ভোটার সংখ্যা ১০ হাজার ৪০০। এখানে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন মো. সাইফুজ্জামান সোহেল। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মো. শফিকুল ইসলাম।

বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৯ ফেব্রুয়ারি পাকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. আবুল কালাম আজাদ আওয়ামী লীগে যোগদান করায় যোগ্য প্রার্থীর সংকটে পাকুরিয়া ও রৌহা ইউনিয়নে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি।

কামারিয়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী সুলতান আহম্মেদ স্বপনের মনোনয়নপত্র বাতিল করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। গত ১১ এপ্রিল সোমবার বাছাইয়ের শেষ দিনে সুলতানের মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর জাল করার অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।

জানতে চাইলে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী  বলেন, নির্বাচনের শুরুর দিকে অনেকেই প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তাঁরা আর প্রার্থী হতে রাজি হননি। ফলে প্রার্থী সংকটের কারণেই এ দুটি ইউনিয়নে বিএনপির প্রার্থী দেওয়া সম্ভব হয়নি।