শেরপুরে দেড় শতাধিক বিএনপি কর্মীর আ.লীগে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন বিএনপির দেড় শতাধিক কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় এক কর্মিসভায় তাঁরা সরকারদলীয় স্থানীয় সাংসদ হাবিবর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, খানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দড়িখাগা দক্ষিণ পাড়া গ্রামের ঈদগাহ মাঠে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে ওই কির্মসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন সাংসদ হাবিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবিব, জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সি সাইফুল বারী প্রমুখ।
আওয়ামী লীগে যোগদানকারী ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী শফিকুল ইসলাম জানান, বিএনপির চেয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের কর্মীদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল। বিপদে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের সহযোগিতা করেন। এ জন্যই তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। বিএনপির নারীকর্মী রোকেয়া খাতুন জানান, তিনি এত দিন বিএনপির হয়ে কাজ করেছেন। কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেশি আন্তরিক তাই আওয়ামী লীগে যোগদান করেছেন।