শেরপুরে বিএনপির একাংশের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের প্রতিবাদে দলটির একাংশের নেতা-কর্মীরা গতকাল শনিবার ঝাড়ুমিছিল ও সমাবেশ করেছেন। গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন ডাকা হয়নি—এমন অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক ত্রিবার্ষিক সম্মেলন আহ্বান করেছেন। কাল সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন হওয়ার কথা। কিন্তু দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বাধীন একটি অংশ এর বিরোধিতা করছে। তাঁদের অভিযোগ, দলের গঠনতন্ত্র অনুযায়ী এখনো থানা ও শহর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এমনকি অনেক ইউনিয়নেও কমিটি গঠন করা হয়নি। এ ছাড়া সম্মেলনের ব্যাপারে তাঁদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। আহ্বায়ক মনগড়া কমিটি গঠনের উদ্দেশ্যে সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন; যা দলের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। এ কারণে গতকাল বিকেল সাড়ে চারটায় যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের অনুসারী নেতা-কর্মীরা শহরের তিনআনী বাজার এলাকা থেকে ঝাড়ুমিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরপুর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে সাইফুল ইসলাম অবিলম্বে এ সম্মেলন বাতিলের দাবি জানিয়ে দলের কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেন। সেই সঙ্গে তিনি মাহমুদুল হককে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, আগামীকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের পরিবর্তে কর্মী সমাবেশ হবে।
মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, সাবেক সহসভাপতি মো. তৌহিদুর রহমান, শহর বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম প্রমুখ।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী দলের গঠনতন্ত্র মেনেই সম্মেলন আহ্বান করা হয়েছে। তবে তিনি এও বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে দলের কয়েকটি কমিটি গঠন করা সম্ভব হয়নি।