শেরপুরে আর মতিয়া চৌধুরীর শাসন চলতে দেওয়া হবে না। শেরপুরে যদি কারও শাসন চলে, তবে সেটা শেখ হাসিনার নেতৃত্বেই চলবে। অন্যথায় দলের নেতা-কর্মীরা রাজপথে নামবেন।
গতকাল সোমবার বিকেলে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাজিতখিলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. আমির আলী সরকার।
হুইপ আতিউর রহমান বলেন, ‘মতিয়া চৌধুরী শান্ত শেরপুরকে অশান্ত করার অপরাজনীতি চালিয়ে যাচ্ছেন। তিনি ইশারায় প্রশাসনকে ব্যবহার করে নৌকার প্রার্থীদের পরাভূত করে আমার অবস্থানকে খাটো করার ষড়যন্ত্র করেছেন। ওই ষড়যন্ত্রে শেরপুর সদরের ১৪টি ইউপির মধ্যে তৃতীয় দফায় অনুষ্ঠিত নির্বাচনে নৌকার চারজন প্রার্থীকে পরাভূত করা সম্ভব হলেও সর্বশেষ নির্বাচনে তা ভেস্তে গেছে। প্রশাসন নিরপেক্ষ অবস্থানে ফেরায় চতুর্থ দফায় সাত ইউপির ছয়টিতেই আওয়ামী প্রার্থীর বিজয় সম্ভব হয়েছে।’
হুইপ আতিউর বলেন, ‘সরকারি প্রোগ্রাম দিয়ে এলাকার হাইস্কুলের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে গিয়েছিলাম। যেখানে একটি চা পানের সময় পর্যন্ত ব্যয় করা হয়নি, সেখানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের নামে অপপ্রচার ও ধূম্রজাল সৃষ্টির মাধ্যমে নৌকার বিজয় ঠেকানো এবং আমাকে খাটো করার ষড়যন্ত্র হয়েছিল। আমার অনুপস্থিতিতেও এলাকার মানুষ নৌকাকেই ভোট দিয়েছে।’
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে হাইকোর্টের দেওয়া এক আদেশ অনুযায়ী “ডিস্ট্রিক্ট ইনচার্জ মিনিস্টার” বলতে কোনো পদ নেই। তাই আমি শেরপুরে যাই না এবং শেরপুরকে শাসন বা পরিচালনা করার ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। যেহেতু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলতে কিছু নেই, সেহেতু শূন্যে গদা ঘুরিয়ে লাভ কী? এ ছাড়া ইউপি নির্বাচন শুরুর পর গত তিন মাসে আমার নির্বাচনী এলাকাতেই আমি যাইনি। সুতরাং অন্যের নির্বাচনী এলাকাতেও যাওয়ার বা কথা বলার কোনো আগ্রহই আমার নেই।’