শেরপুরে শান্তি আছে, আতিউরের মনে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর তাঁর বিরুদ্ধে জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।
মো. হুমায়ুন কবীর বলেন, ‘শেরপুরে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, তবে হুইপ আতিউরের মনে শান্তি নেই।’ গতকাল শনিবার জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত মঙ্গলবার জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় হুইপ আতিউর রহমান বলেন, তাঁর এলাকা শেরপুরে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। জেলা পরিষদ নির্বাচনে শেরপুরে প্রধানমন্ত্রীর মনোনয়ন পেয়েছিলেন আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক। তবে নির্বাচনে জয়ী হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর। তিনি জেতার পর শেরপুরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
এ নিয়ে বুধবার প্রথম আলোয় ‘সংসদে সরকারি দলের হুইপের অভিযোগ, শেরপুরে অরাজক অবস্থা বিরাজ করছে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুমায়ুন কবীর বলেন, ৩ ফেব্রুয়ারি রাতে শহরের বাস টার্মিনাল বাজার এলাকায় অধ্যক্ষ গোলাম হাসান খান ব্যক্তিগত দেনা-পাওনার জের ধরে হামলায় আহত হন। তিনি বিষয়টি জাতীয় সংসদে অসত্যের প্রলাপ হিসেবে উপস্থাপন করে শেরপুরবাসীকে হেয় করেছেন।
মো. হুমায়ুন কবীর আরও বলেন, সংসদে দেওয়া বক্তব্যে আতিউর জেলা প্রশাসনসহ তাঁর বিরুদ্ধে শান্ত শেরপুরকে অশান্ত করার অভিযোগ এনেছেন। শেরপুরের সিভিল সার্জনকে অস্ত্র দেখিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা। বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন, এর সঙ্গে তাঁর (হুমায়ুন) সম্পৃক্ততা নেই। প্রকৃতপক্ষে আতিউরের কয়েক যুগের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, নিয়োগ, মনোনয়ন-বাণিজ্যসহ নানা কারণে শেরপুরের মানুষ ও দলের ত্যাগী নেতা-কর্মীরা অতিষ্ঠ। তাই শেরপুরবাসী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী তথা আতিউরকে প্রত্যাখ্যান করে তাঁকে (হুমায়ুন) জয়ী করেছেন।
জানতে চাইলে আতিউর রহমান বলেন, তিনি সংসদে সব সত্য কথা বলেছেন। জেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্ষমতায় গিয়েই স্বেচ্ছাচারী কর্মকাণ্ড শুরু করেছেন। তাঁরা শান্ত শেরপুরকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আর এর পেছনে ইন্ধন দিচ্ছেন ‘অদৃশ্য শক্তি’ বলে পরিচিত বেগম মতিয়া চৌধুরী।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন বলেন, শেরপুর সদর মতিয়া চৌধুরীর নির্বাচনী এলাকা নয়। এ ছাড়া এখন ‘ডিস্ট্রিক্ট মিনিস্টার’ ইনচার্জ বলতে কিছু নেই। তিনি (মতিয়া চৌধুরী) কখনোই শেরপুরের ব্যাপারে হস্তক্ষেপ করেন না।
এ বিষয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এটা ওনার (হুইপ আতিউর) অভ্যাস। এর আগেও উনি এ ধরনের কথা বলেছেন। উনি তাঁর এলাকায় বসে যাহা খুশি তাহা করতে পারেন। এসব ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ বা সময় নাই। এ ছাড়া এটা আমার প্র্যাকটিস না, দিস ইজ নট মাই স্টাইল।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সামছুন্নাহার কামাল, কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. আব্দুল ওয়াদুদ, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ফকির আখতারুজ্জামান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েযিদ হাসান, জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।