শেরপুরে শিবির কর্মীর আ.লীগে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত স্মরণসভায় বিএনপির শতাধিক কর্মী আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এর মধ্যে আবুল কাসেম নামের এক শিবির কর্মী রয়েছেন।
ইউনিয়ন আওয়ামী লীগ বিকেল সাড়ে পাঁচটায় ভবানীপুর বাজারে স্মরণসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ হাবিবর রহমানের হাতে ফুল দিয়ে ওই নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।
আবুল কালাম আজাদ জানান, বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাঁরা আওয়ামী লীগে যোগদান করেছেন। তিনি জেনেছেন, আবুল কাসেম ছাত্রশিবির করেননি।
ভবানীপুর ইউনিয়ন জামায়াতের কর্মী পরিচয় দিয়ে মোজাম্মেল হক বলেন, আবুল কাসেম শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করার সময় ইসলামী ছাত্রশিবির করেছেন। তবে আবুল কাসেম বলেন, তিনি শিবির করেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগে যোগদানকারীরা সবাই আবুল কাসেমের আত্মীয়স্বজন। এর মধ্যে আবুল কাসেমের চাচা ভবানীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি দুলাল প্রামাণিক ও আরেক চাচা আবদুল কুদ্দুস রয়েছেন।
সাংসদ হাবিবর রহমান বলেন, ‘জামায়াত-শিবিরকে আমরা ইনসাল্ট করি না। জামায়াত যদি আসে দোষ কী? আমাদের দলে আসতেছে এটাই বড় কথা। পার্টিতে আমরা পরে তাদের কতটুকু দেখব সেটা পরের কথা।’ তবে তিনি বলেন, যোগদানের সময় বলা হয়েছিল, তারা বিএনপি থেকে যোগদান করছে।