শেষ কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণা, বৃহস্পতিবার ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে আজ মঙ্গলবার মধ্যরাতে। এ কারণে আজ সারা দিন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র পদপ্রার্থী গণসংযোগ ও নির্বাচনী কৌশল নির্ধারণে ব্যস্ত ছিলেন। আগামী বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হবে। বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে।

নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। ওই নির্বাচনে ৩ হাজার ৮৩৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনে চারজন মেয়র, ১১৪ জন সাধারণ কাউন্সিলর ও ৪০ জন সংরক্ষিত কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচন হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে আজ মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে সমর্থন দেয়। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

ব্যস্ত আ. লীগ ও বিএনপির প্রার্থীরা
নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ২০ ফেব্রুয়ারি। এরপর গত ১৫ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একটানা গণসংযোগে ছিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক। মঙ্গলবার প্রচারের শেষ দিনে আঞ্জুম সুলতানা নগরের ঠাকুরপাড়া এলাকা থেকে গণসংযোগে বের হন। এরপর তিনি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কার্যালয়ে গণসংযোগ করেন। দুপুরে নগরের ৭ নম্বর ওয়ার্ডে অশোকতলা ও বিকেলে ঠাকুরপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচারের সময়ে আঞ্জুম সুলতানা বলেন, ‘পরিবর্তন এবং কুমিল্লার উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছি। জনগণ ব্যাপক সাড়া দিয়েছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

এদিকে আজ ভোর থেকেই নগরের নানুয়াদিঘির পাড় বাসায় বসে বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচনী কৌশল নিয়ে কথা বলেন বিএনপির মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক। দুপুরের পর তিনি নগরের ১৩ নম্বর ওয়ার্ডের কাশেমুল উলুম মাদ্রাসা ও বিকেলে রাণীর বাজার গণসংযোগ এবং সন্ধ্যায় রেইসকোর্সে উঠোন বৈঠক করেন।

সকালে নিজ বাড়িতে মনিরুল হক বলেন, ‘জনগণ ভোটকেন্দ্রে যেতে পারলে ও শান্তিপূর্ণ নির্বাচন হলে ধানের শীষ জয়ী হবে। এখন নির্বাচন ভালো করাটা প্রশাসনের ওপর নির্ভর করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ ধানের শীষে ভোট দেবেন।’

নগরের কান্দিরপাড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামান ও দক্ষিণ চর্থা এলাকা বাসিন্দা কাউছার আহমেদ ও টমছমব্রীজ এলাকার বাসিন্দা মহসীন মাসুদ বলেন, ‘দুই মেয়র প্রার্থীর কেউ কখনো নির্বাচন করে হারেননি। অতীতে তাঁরা দুজনই নির্বাচনে জয়ী হয়েছেন। এবার এদের মধ্যে যিনি যোগ্য তাঁকেই ভোট দেব।’

আ. লীগের প্রার্থীকে জাপার সমর্থন
এদিকে নির্বাচনী প্রচারণার শেষ সময়ের সাড়ে সাত ঘণ্টা আগে সংবাদ সম্মেলন ডেকে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে সরকারের অংশীদার জাতীয় পার্টি। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর মিয়ামী রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই সমর্থন দেওয়া হয়। জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য ও ঢাকা উত্তরের সভাপতি ফয়সল চিশতী ওই ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম মিলন, এরশাদের উপদেষ্টা ও সাংসদ বেগম রওশন আরা মান্নান এবং নৌকা প্রতীকের প্রধান এজেন্ট মো. ওমর ফারুক। সংবাদ সম্মেলনে সাংসদ নুরুল ইসলাম মিলন বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে আমরা অনেক আগ থেকেই প্রচারণায় রয়েছি। এখন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো।’

নির্বাচনের প্রস্তুতি
বৃহস্পতিবার অনুষ্ঠেয় নির্বাচনে ৭৬০ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ১ হাজার ৬৭৮ জন পুলিশ, ১ হাজার ২৩৬ জন আনসার, র‍্যাবের ৩৪ দলের ৩৩৮ জন সদস্য, বিজিবির ২৬ প্লাটুনে ৬০০ জন সদস্য, ২৭ টি ওয়ার্ডে ৩৬ জন নির্বাহী হাকিম ও বিচারিক হাকিম দায়িত্ব পালন করবেন। কুমিল্লা সিটি করপোরেশনে ১০৩টি ভোটকেন্দ্রের ৬৯১টি কক্ষে ভোটগ্রহণ হবে।

এ নির্বাচনে ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৪৪৭ জন, মহিলা ১ লাখ ৫ হাজার ১১৯ জন। এই ভোটারদের মধ্যে অন্তত ৩৮ হাজার সংখ্যালঘু ভোটার ও নতুন ভোটার ৩০ হাজার।

২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। এবার দ্বিতীয়বারের মতো এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক কেন্দ্রীয় নেতা কুমিল্লায় নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে প্রচার চালিয়েছেন।