
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে গতকাল মঙ্গলবার শেষ দিনের প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। জমজমাট প্রচারণায় উৎসবমুখর হয়ে ওঠে নগরী।
কর্মী ও সমর্থকেরা প্রার্থীদের প্রতীক নিয়ে মিছিলেও অংশ নেন। এ সময় তাঁদের প্রার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কাল ২২ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ২০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী রয়েছেন। অবশ্য মেয়র পদে এলডিপি ও কল্যাণ পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শেষ দিনের প্রচারণায় প্রার্থীদের সমর্থকেরা কিছু কিছু ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করেন। তাঁরা মিছিল ও পাঁচ ফুটের বড় প্রতীক নিয়ে মিছিল করেন, যা আচরণবিধির লঙ্ঘন। তবে এসব মিছিলে প্রার্থীদের উপস্থিতি ছিল না।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী বৃহত্তর দেওভোগ, বাবুরাইল, নলুয়াপাড়া, মাছুয়াপাড়া, শীতলক্ষ্যা, ডিয়ারা, শহীদনগরে গণসংযোগ করেন। তাঁর সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
পরে আইভী সাংবাদিকদের বলেন, ‘আমার মূল অঙ্গীকার চলমান কাজগুলোকে চালু রাখা। উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখা। মানুষ যা দাবি করেছে, আমার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে তা রয়েছে।’ নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিলে মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে ভোট দিতে আসতে পারবে। আর ভোট সুষ্ঠু হলে নৌকার জয় হবে।
আইভী বলেন, ভোট গণনার আগ পর্যন্ত একজন প্রার্থীর শঙ্কা কাজ করে। সেই শঙ্কা তাঁর মধ্যেও রয়েছে।
বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান জল্লারপাড়, পাইকপাড়া, নলুয়াপাড়, শীতলক্ষ্যা, নিতাইগঞ্জসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তাঁর সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতি ছিল কম। গণসংযোগকালে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চান তিনি।
সাখাওয়াত বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অনেক অভিযোগ করা হলেও কোনোটির সুরাহা হয়নি। তবুও সরকার ও নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট উপহার দেবে, সেই আশা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি।’ নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সরকার ও নির্বাচন কমিশন অবিলম্বে সেনাবাহিনী মোতায়েন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গতকাল ইসলামী ঐক্যজোটের মেয়র প্রার্থী তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। সেখানে ২৭ দফা প্রতিশ্রুতি দেওয়া হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী মাহবুবুর রহমান ইসমাইল বিভিন্ন এলাকায় কোদাল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।