শেষ ধাপে জয় চায় বিএনপি ছাড় দিতে নারাজ আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে নিরঙ্কুশ জয় নিয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চায় আওয়ামী লীগ। অন্যদিকে আগের নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ধাপে সব কটি ইউপিতে জয় চায় বিএনপিও।
আগামী শনিবার (২৮মে) সদর উপজেলার নয়টি ইউপিতে ভোট। এর মধ্য দিয়ে জেলায় আপাতত ইউপি নির্বাচন শেষ হতে যাচ্ছে। এর আগে জেলায় শেষ হয়ে যাওয়া ৪১টি ইউপির মধ্যে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন চারটিতে। সীমানা নিয়ে জটিলতার কারণে রাণীশংকৈল উপজেলার তিনটি ইউপিতে ভোট স্থগিত রয়েছে।
বিএনপির নেতা-কর্মীরা বলেন, ঠাকুরগাঁওয়ের ইউপি নির্বাচনে বিএনপির অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। এ নির্বাচনে বিএনপি প্রতিযোগিতার সমান সুযোগ পায়নি। নির্বাচনের শুরুতেই দলের নেতা-কর্মীরা পুলিশের হয়রানির শিকার হয়েছেন। ক্ষমতাসীন দলের লোকজনও নানা কৌশলে বিএনপির কর্মীদের ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখতে চেষ্টা করেন। এ ছাড়া সরকারদলীয় প্রার্থীরা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়েছেন। নির্বাচন চলাকালে সরকারদলীয় প্রার্থীরা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করলেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো বিএনপির প্রার্থীকেই হয়রানি করা হয়েছে। শেষ হয়ে যাওয়া প্রতিটি নির্বাচনে ব্যাপক অনিয়ম করে বিএনপির প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে।
বিএনপির ইউপি নির্বাচনের প্রধান সমন্বয়কারী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান বলেন, ‘আগের ইউপি নির্বাচন বিশ্লেষণ করে আমরা একটি নতুন ভোট কৌশল প্রস্তুত করেছি। এর আলোকে নির্বাচনী কার্যক্রম চলছে।’
নারগুন ইউপিতে দলের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি, আওয়ামী লীগের প্রার্থী যেকোনো মূল্যে জয়ী হতে বেপরোয়া হয়ে উঠেছেন। কিন্তু আমরাও সহজে ছেড়ে দিতে চাইছি না।’
আউলিয়াপুর ইউপিতে বিএনপির প্রার্থী মো. জাফরুল্লাহ বলেন, ‘নেতা-কর্মীদের যতই ভয়ভীতি দেখাক, হয়রানি করুক না কেন, আমরা মাঠে থাকব। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করব। ভোটের পর ফল না নিয়ে কেন্দ্র ছেড়ে যাব না।’
অন্যদিকে জেলার শেষ ধাপের নির্বাচনেও বিএনপিকে ছাড় দিতে চাইছে না আওয়ামী লীগ। নারগুন ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সেরেকুল ইসলাম বলেন, ‘বিগত সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত এ এলাকায় ব্যাপক সহিংসতা করেছে। এ কারণে ভোটাররা তাদের প্রত্যাখ্যান করেছে। নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই বিএনপির নেতা-কর্মীরা মরিয়া হয়ে উঠেছে। তবে আমরা তাদের ছেড়ে দেব না।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম বলেন, ‘গত কয়েক ধাপের নির্বাচনে জনগণ নৌকার প্রতি আস্থা রেখেছে। এ ধাপেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। কিন্তু তা হবে শান্তিপূর্ণভাবে। তবে জয়ের তাড়না থেকে বিএনপির লোকজন সমস্যা সৃষ্টি করতে চাইলে জনগণ ছেড়ে দেবে না।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী বলেন, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা সরকারের অংশ হিসেবে আমাদের দায়িত্ব। আর দল হিসেবে আমরা অধিকাংশ ইউপিতে জিততে চাই। তবে এ জন্য আওয়ামী লীগের সংঘাতের পথ বেছে নেওয়ার প্রয়োজন নেই।’