শেষ পর্যন্ত খুলনা মহানগর বিএনপির সম্মেলন স্থগিত
খুলনা মহানগর বিএনপির থানা কমিটির সম্মেলন স্থগিত করা হয়েছে। প্রকাশ্যে সম্মেলন করার জন্য প্রশাসন অনুমতি দেয়নি বলে গতকাল বৃহস্পতিবার দুপুরে সম্মেলন স্থগিতের ঘোষণা দেয় মহানগর বিএনপির নির্বাহী কমিটি।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, তাঁরা সম্মেলন করার অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। কিন্তু প্রশাসন তাঁদের অনুমতি দেয়নি। তাই সম্মেলন স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, সম্মেলন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দুই সপ্তাহের মধ্যে কেন্দ্র থেকে ব্যবস্থা গ্রহণ না করলে খুলনা মহানগর বিএনপি আর সম্মেলনের উদ্যোগ নেবে না বলে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ শুক্রবার থেকে নগর বিএনপির পাঁচ থানা কমিটির সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী, প্রথম দিন ইসলামাবাদ কমিউনিটি সেন্টারে ছিল সোনাডাঙ্গা থানা বিএনপির সম্মেলন এবং পরদিন সবুরনন্নেছা বিদ্যালয়ে ছিল সদর থানার সম্মেলন। এরপর পর্যায়ক্রমে সব থানা কমিটি গঠন করার কথা ছিল নগর বিএনপির। থানা কমিটি গঠন শেষ হলে সম্মেলনের মাধ্যমে মহানগর কমিটি করা হতো।
কিছুদিন আগে সম্মেলন ঘিরে বিরোধের জেরে খালিশপুর থানা কমিটি বিলুপ্ত ও মহানগর কোষাধ্যক্ষ আরিফুর রহমানসহ ছয়জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়। এরপর বিএনপির একাংশ সম্মেলন প্রতিহতের ঘোষণা দেয়। বিদ্রোহী অংশের নেতৃত্ব দিচ্ছেন নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাহারুজ্জামান মোর্তজা ও কোষাধ্যক্ষ আরিফুর রহমান।
ইসলামাবাদ কমিউনিটি সেন্টারে গতকালের সম্মেলনের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছিল মহানগর বিএনপি। একই স্থানে একই দিন একই সময়ে তৃণমূল কর্মী সম্মেলন করার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি কাজী মাহমুদ আলী। নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাহারুজ্জামান মোর্তজা ওই সভায় প্রধান অতিথি থাকবেন বলে আবেদনে উল্লেখ করা হয়। একই স্থানে বিএনপির দুই পক্ষের সম্মেলন ও সমাবেশ করার প্রস্তুতিতে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, দুই পক্ষই সম্মেলন ও সমাবেশ করার অনুমতি চেয়েছিল। কিন্তু তাদের কাউকে সম্মেলন বা সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তারা নিজেরাই তা স্থগিত করেছে।
সম্মেলন স্থগিত হওয়ার ব্যাপারে সাহারুজ্জামান মোর্তজা বলেন, ‘সম্মেলন স্থগিত হওয়ায় আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। নজরুল ইসলাম মঞ্জুর মহানগর বিএনপিতে যে একক কর্তৃত্ব ছিল, সেটা এখন থেকে অবসান ঘটবে বলে আশা করি।’
এদিকে গতকাল বিকেলে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী খালিশপুর থানা বিএনপির নেতা-কর্মীরা নগর বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করেছেন। নগর সভাপতির একক আধিপত্যের বিরুদ্ধে এ সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন ওই সমাবেশের সভাপতি সাহারুজ্জামান মোর্তজা। সমাবেশ থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানানো হয়।