শেষ মুহূর্তে বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্ট শরিকদের দর-কষাকষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

জোটের শরিকদের সঙ্গে আসন সমঝোতা করতে বিএনপি শেষ মুহূর্তে দফায় দফায় বৈঠক করছে। মূলত, জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের সঙ্গে আসন নিয়ে এখনো দর-কষাকষি চলছে।

আজ শুক্রবার বিকেলে বিএনপি নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা করে। তারা ২০৬ জনকে চূড়ান্ত করেছে। বাকি ৯৪টি আসন জোটের শরিক ও আপিলের শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের জন্য রাখা হয়েছে। আগামীকাল শনিবার বিএনপির সব আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার কথা।


বিএনপি এবার ২০ দল ও নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টকে নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। ৯ ডিসেম্বর রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির সঙ্গে শরিকদের বৈঠক চলছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে বেইলি রোডে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের বাসায় যান। এ জোটের একটি সূত্র জানায়, বৈঠকে গণফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। অন্য শরিকদের আসনে ‘আপাতত’ সমঝোতা হলেও গণফোরামের সঙ্গে দর-কষাকষি এখনো চলছে। কামাল হোসেনের বাসার বৈঠকটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রাতেই বিএনপির গুলশান অফিসে সুব্রত চৌধুরী, মোস্তফা মোহসীন মন্টু ও সুলতান মনসুরের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আবারও বৈঠকে বসেছেন। এ ছাড়া আলাদাভাবেও দলগুলোর সঙ্গে কথা বলছেন বিএনপির নেতারা

জোটের বিভিন্ন সূত্রে জানা যায়, বিএনপি থেকে গণফোরামকে ৬টি, নাগরিক ঐক্যকে ৪টি, জেএসডিকে ৩টি ও কৃষক শ্রমিক জনতা লীগকে ২টি আসন দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু গণফোরাম আরও কয়েকটি আসন চায়। গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন নিয়েছেন। একই আসনে বিএনপির নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন মনোনয়ন নেন। নাগরিক ঐক্যকে যে আসনগুলো দিতে চাইছে, সেগুলো নিয়ে তারা সন্তুষ্ট নয়। এ ছাড়া জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগও আরও কয়েকটি আসন চায়।