শেষ মুহূর্তেও জমেনি প্রচারণা, আজ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তেও জমেনি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন। প্রচারণার শেষ দিন গত রোববার আওয়ামী লীগের প্রার্থী সমাবেশ ও মিছিলসহ দিনভর জনসংযোগ করেন। কিন্তু অন্য দুই প্রার্থীর তেমন তৎপরতা ছিল না।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম খান। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) থেকে আতাউর রহমান খান ও ন্যাশনাল পিপলস পার্টি থেকে ইমরুল কায়েস লড়াই করছেন।

আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, দলটির প্রার্থী হাসান ইমাম খান গত বুধবার প্রচারণা শুরু করেন। রোববার উপজেলা সদরে মিছিল ও কালিহাতী কলেজ প্রাঙ্গণে নির্বাচনী সভার মধ্য দিয়ে প্রচারণা শেষ করেন।

রোববার ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইমরুল কায়েসকে বিভিন্ন স্থানে বক্তৃতা ও একটি ট্যাক্সিতে মাইক লাগিয়ে প্রচারণা চালাতে দেখা যায়। কিন্তু বিএনএফের প্রার্থী আতাউর রহমান খানের তৎপরতা চোখে পড়েনি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ আসনে আব্দুল লতিফ সিদ্দিকী সাংসদ হন। তিনি মন্ত্রীও হন। ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে আপত্তিকর মন্তব্য করার পর তাঁকে মন্ত্রিসভা ও দল থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।