জাতীয় শোক দিবস পালনে চাঁদাবাজি না করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এ আহ্বান জানান।
শেখ কামালের জন্মদিন উপলক্ষে যুবলীগ ছাড়াও আওয়ামী লীগ ও এর অন্য কয়েকটি সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল কবর জিয়ারত, ফুলেল শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা।
যোগাযোগমন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘শোক দিবস করতে বেশি পয়সা লাগে না। নিজেদের মধ্যে চাঁদা তুলে, নিজেদের মধ্যেই শোক দিবসের অনুষ্ঠান করবেন। কারও কাছ থেকে চাঁদা চাইবেন না। এটা আমার বিশেষ অনুরোধ।’ তিনি বলেন, ‘চাঁদাবাজি করে বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করবেন না। বঙ্গবন্ধুর মর্যাদা আমরা অক্ষুণ্ন রাখব। যাঁরা রাজনীতি করবেন, তাঁরা সত্যিকারের দেশপ্রেমের জন্য রাজনীতি করবেন, হালুয়া-রুটির জন্য রাজনীতি করবেন না। ক্ষমতা শেয়ার করার জন্য রাজনীতি করবেন না। ত্যাগের জন্য রাজনীতি করবেন।’
শেখ কামাল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তিনি বাংলাদেশে অনেক তরুণ দেখেছেন। কিন্তু শেখ কামালের মতো এমন মেধাবী তরুণ আর দেখেননি। শেখ মুজিবুর রহমান জাতির রোল মডেল। আর শেখ কামাল হলেন তরুণদের প্রতীক। ৪৩ বছর ধরে তন্ন তন্ন করে কেউ শেখ কামালের নামে কোনো ব্যাংক ব্যালান্স খুঁজে বের করতে পারেনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
আওয়ামী লীগের পক্ষ থেকে ধানমন্ডিতে আবাহনী ক্লাব মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় সকাল আটটায়।