জাতীয় শোক দিবসের কর্মসূচির নামে কেউ চাঁদাবাজি করলে এবং এ বিষয়ে অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার দলের ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের যৌথ সভায় আশরাফ এই হুঁশিয়ারি জানান বলে বৈঠক-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠকে ছিলেন এমন একাধিক নেতা জানান, যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, জাতীয় শোক দিবসের ৪০ দিনব্যাপী কর্মসূচি সফল করতে সহযোগী সংগঠনগুলোকেও বিশেষ ভূমিকা রাখতে হবে। তবে শোকের মাসের কর্মসূচির নামে যেন কেউ চাঁদাবাজি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি কঠোরভাবে দেখার জন্য সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নির্দেশ দেন সৈয়দ আশরাফ।
বৈঠকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নামধারী গড়ে ওঠা ভুঁইফোড় সংগঠনগুলো অনুষ্ঠান করার নামে বেপরোয়া চাঁদাবাজি করে থাকে। এদের নিয়ন্ত্রণ করা কঠিন। এ পর্যায়ে সৈয়দ আশরাফ বলেন, এসব ভুঁইফোড় সংগঠনের কর্মসূচিতে যেন দলের কোনো কেন্দ্রীয় নেতা অংশগ্রহণ না করেন।
সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, মৃণাল কান্তি দাস, এনামুল হক শামীম, হারুনুর রশীদ, মুজিবুর রহমান চৌধুরী, নাজমা আক্তার, অপু উকিল, সাইফুর রহমান, এস এম জাকির হোসাইন প্রমুখ।
সভা শেষে সংবাদ ব্রিফিং করেন মাহবুব উল আলম হানিফ।