শোকের মাসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন
বিএনপিকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, লজ্জা থাকলে আর ১৫ আগস্ট নকল জন্মদিন পালন করবেন না। আপনারা অহিংস আন্দোলন করলে কোনো বাধা দেওয়া হবে না। তবে সহিংসতা করলে কোনো ছাড় দেওয়া হবে না। যেখানেই হামলা হবে, সেখানেই প্রতিরোধ করা হবে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সম্মিলিত আওয়ামী লীগ সমর্থক জোটের মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সামনে রেখে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন বর্জনের দায় জনগণ নেবে না। এর দায় আপনাকেই নিতে হবে। নির্বাচন বর্জন করে আপনি শুধু নিজের ক্ষতি করেননি, দলেরও বারোটা বাজিয়েছেন। আপনার আন্দোলনের জবাব উন্নয়নের মাধ্যমে দেওয়া হবে।’
ওই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আমরা শোককে শক্তিতে পরিণত করে বিএনপির আন্দোলনের জবাব দেব। তারা যেভাবেই কর্মসূচি দেবে, আমরা সেভাবেই প্রতিহত করব।’
ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম ২২টি সংগঠন মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেয়।
এদিকে একই সময়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিও পালন করেন।