শোক দিবসও পৃথকভাবে পালন করল দুই পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ জাতীয় শোক দিবসেও একক অনুষ্ঠান করতে পারেনি। দলটির বিভক্ত দুটি অংশ গত সোমবার আলাদাভাবে দিবসটি পালন করেছে। জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ পৌর জনমিলন কেন্দ্রে এবং প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর অনুসারীরা তাঁর বাড়িতে কর্মসূচি পালন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা কমিটির সভাপতি মো. আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদের নামে জেলা শাখার একটি চিঠি বিতরণ করা হয়। তাঁদের অনুসারীরা জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে।

অন্যদিকে, সৈয়দ মহসিন আলীর অনুসারী হিসেবে পরিচিত জেলা কমিটির সহসভাপতি মো. ফিরোজ ও যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদের নামে শোক দিবস উপলক্ষে জেলা শাখার পৃথক আরেকটি চিঠি বিতরণ করা হয়। এই অংশটি প্রয়াত সমাজকল্যাণমন্ত্রীর শ্রীমঙ্গল সড়কের বেরিরপাড় এলাকার বাড়িতে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

এ বিষয়ে মসুদ আহমদ বলেন, ‘প্রত্যেক বছরই দুই ভাগে ভাগ হয়ে দিবসটি পালিত হচ্ছে। মন্ত্রী জীবিত থাকতেও করছি। এখনো করছি। জেলা কমিটি বসে কোনো সিদ্ধান্ত নেয় না, কোনো মিটিংও হয় না। জেলা কমিটি বৈঠক করে সবাই একমত হয়ে অনুষ্ঠান করলে, সেটা জেলা কমিটির অনুষ্ঠান হতো।’

নেছার আহমদ বলেন, ‘তাঁদের কর্মসূচি পালনের কথা শুনেছি। যেখানে সভাপতি-সম্পাদক অনুষ্ঠান করছে, সেখানে সহসভাপতি, যুগ্ম সম্পাদক আলাদা কিছু করতে পারেন না। এটা আইনে বা গঠনতন্ত্রে নেই। উদ্দেশ্যমূলকভাবে দলকে হেয়প্রতিপন্ন করতে তাঁরা এটা করছে।’