শোক দিবসে নিজের স্লোগান দেওয়াদের নৌকা থেকে নামাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, যারা শোক দিবসের র‌্যালির নামে নিজের স্লোগান দেয়, তাদের নৌকা থেকে নামিয়ে দিতে হবে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ বটতলা এলাকায় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে গতকাল নগরীর চাষাঢ়া মোড়ে শোক র‌্যালি ও সমাবেশ করা হয়। একই দিনে বন্দর উপজেলায় পৃথক সভা করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহার নেতৃত্বে আওয়ামী লীগের আরেকটি অংশ। 

বন্দরের সভায় আনোয়ার হোসেন বলেন, যত বড় নেতাই হোক কাউয়া-ব্যাঙকে আওয়ামী লীগ থেকে বিতাড়িত করতে হবে। এসব কাউয়া-ব্যাঙের জন্য নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বদনাম হচ্ছে। আগামী নির্বাচনে পাঁচটি আসনে আওয়ামী লীগকে জেতাতে হলে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি করতে হবে। যারা শোক দিবসের অনুষ্ঠানে নিজের নামে স্লোগান দেয়, আওয়ামী লীগের সংগঠন তৈরির বদলে ব্যক্তিগত সংগঠন তৈরি করে, এমন নেতাদের নৌকা থেকে নামিয়ে দিতে হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি খোকন সাহা, রোকন উদ্দিন, মনিরুল ইসলাম চৌধুরী, শেখ হায়দার আলী প্রমুখ।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা একসময় সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠজন ছিলেন। সম্প্রতি তাঁদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।