শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মানুষ উৎসব পালন করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতেই দেশের মানুষ ঈদ-পূজার উৎসব পালন করছে।
রাজনৈতিক মুক্ত পরিবেশ না থাকলে উৎসবের আনন্দ নিরানন্দ হয়ে ওঠে, এ ক্ষেত্রেও এমনটি হয়েছে। নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, মানুষের হাতে কাজ নেই। এর পরও সরকার বড় গলায় প্রচারণা চালাচ্ছে—দেশের অর্থনৈতিক অবস্থা বেশ রমরমা।
ঠাকুরগাঁওয়ে ঈদ পালন করতে এসে গতকাল শনিবার দুপুরে নিজ বাড়িতে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, ‘একনায়কতান্ত্রিক চরিত্রের কারণে সরকার ক্ষমতা ধরে রাখতে মামলাকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমার নামেই ২৪টি মামলার চার্জশিট দেওয়া হয়ে গেছে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছেন তাতে বিশ্বে একনায়কদের যে তালিকা রয়েছে, তাতে শেখ হাসিনার নামটিও লেখা থাকবে।
সরকার পতনের আন্দোলন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। এ কারণেই আমরা সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। কয়েকটি ধাপ মেনে আন্দোলন করতে হয়। জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে এখন গণসংযোগ চলছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। তারাই গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। সম্প্রচার নীতিমালা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সম্প্রচার নীতিমালা এখন মিডিয়ার জন্য ভীতিমালায় পরিণত হয়েছে।