শ্যামপুরে মন্ত্রীর অভিযানে শ্রমিকদের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামপুরের বেশ কয়েকটি কারখানায় গতকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে কারখানার শ্রমিকেরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন l ছবি: প্রথম আলো
শ্যামপুরের বেশ কয়েকটি কারখানায় গতকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে কারখানার শ্রমিকেরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন l ছবি: প্রথম আলো

শ্যামপুর বিসিক শিল্প এলাকায় অভিযান চালাতে গিয়ে শ্রমিকদের বাধার মুখে পড়েছেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ গতকাল বুধবার দুপুরে এই এলাকায় জ্যাকবের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর অভিযান চালালে এ ঘটনা ঘটে৷

তবে শ্রমিকদের বাধার আগেই বর্জ্য পরিশোধনযন্ত্র (ইটিপি) না থাকায় এই এলাকার নয়টি কারখানার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়৷ পরে দক্ষিণ কেরানীগঞ্জের চারটি সিসা কারখানা ও দুটি ‘পাইরোলাইসিস কারখানা’ ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর৷

প্রত্যক্ষদর্শী ও পরিবেশ অধিদপ্তর জানায়, গতকাল বেলা সাড়ে ১১টায় উপমন্ত্রী জ্যাকবের নেতৃত্বে শ্যামপুর বিসিক শিল্প এলাকার ১০ নম্বর সড়কের চাদনী টেক্সটাইল মিলসে অভিযান চলানো হয়৷ এ সময় এই কারখানায় বর্জ্য পরিশোধনযন্ত্র (ইটিপি) না থাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়৷ পরে একই অপরাধে এই এলাকার ইমাম ডাইং নিটিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, খাদিজা টেক্সটাইল প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি লিমিটেড, সিভিক্স অ্যাপারেলস লিমিটেড, টেক্সটাইল প্রসেসিং লিমিটেড (টিপিআই), হাসান স্টিল ইন্ডাস্ট্রি লিমিটেড, সীবা ডাইং, ইভানা ডাইং ও হাসান স্টিল ইন্ডাস্ট্রি লিমিটেডের বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়। তবে অভিযান চলাকালে কারখানা থেকে
বের হয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা৷ পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তাঁরা৷ বেলা একটার দিকে উপমন্ত্রী জ্যাকব গাড়ি নিয়ে বের হতে চাইলে শ্রমিকদের বাধার মুখে পড়েন৷ পরে পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় তিনি ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বের হন৷ এর কয়েক মিনিট পর ঘটনাস্থলে যান ঢাকা-৪ আসনের সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা৷ পরে অনুমতি ছাড়া কারখানা পরিচালনা করায় দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে চারটি সিসা কারখানা ও দুটি পাইরোলাইসিস কারখানা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। তবে আগাম খবর পেয়ে পালিয়ে গেছেন কারখানার মালিক ও কর্মচারীরা৷

গতকাল পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক মো. আলমগীরের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মেহদী ইমাম৷ এ সময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল হাইসহ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন৷

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের সহকরী পরিচালক মিহির লাল সরদার প্রথম আলোকে বলেন, ইটিপি না থাকায় শ্যামপুরের ওই কারখানাগুলোকে আগে কয়েকবার জরিমানা করা হয় এবং ইটিপি নির্মাণের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা না করায় গতকাল বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়৷ তবে অভিযানের প্রতিবাদে সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা৷