শ্যামল কান্তিকে গ্রেপ্তার করতে হবে : ওলামা লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তির গ্রেপ্তার দাবি করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের একাংশ। তাদের দাবি, ‘ধর্মীয় অনুভূতিতে চরম আঘাতকারী বিশেষ করে রাষ্ট্রধর্ম ইসলাম অবমাননাকারী শিক্ষক নামধারী শ্যামল কান্তিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’ আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
ওলামা লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ধর্মীয় অনুভূতির মতো স্পর্শকাতর বিষয়ে শ্যামল কান্তি আঘাত দেওয়ার পর্যাপ্ত প্রমাণাদি থাকার পরও তাঁকে শাস্তি দেওয়া হচ্ছে না। নাস্তিকপন্থী কিছু মিডিয়া ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি এড়িয়ে যাচ্ছে।’
একই সঙ্গে শিক্ষানীতি ও শিক্ষা আইনও বাতিলের দাবি জানিয়ে ওলামা লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুফরি শিক্ষা আইন-২০১৬ ও শিক্ষানীতি-২০১০ পাস করে জামায়াত জোট তথা ধর্ম ব্যবসায়ীদের কাছে সরকারবিরোধী ইস্যু তুলে দেওয়া যাবে না।’
ওলামা লীগের মানববন্ধনে এসব দাবির বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘ওলামা আওয়ামী লীগের কেউ না। আমরা তাদের অস্বীকার করেছি। তাদের কথার গুরুত্ব নেই।’