বিএনপির সাবেক মহাসচিব দেলোয়ারের মৃত্যুবার্ষিকী
শ্রদ্ধা জানাতে সমাধিতে যাননি জ্যেষ্ঠ কোনো নেতা
বিএনপির প্রয়াত মহাসচিব ও ভাষাসংগ্রামী খোন্দকার দেলোয়ার হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল গতকাল সোমবার। দলের সাবেক এই মহাসচিবকে শ্রদ্ধা জানাতে মানিকগঞ্জে তাঁর সমাধিতে ফুল দিতে যাননি কোনো জ্যেষ্ঠ নেতা। তবে জেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল খোন্দকার দেলোয়ারের গ্রামের বাড়ি ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে শোক র্যালি, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। বেলা সাড়ে ১১টার দিকে প্রয়াত মহাসচিবের বাড়ি থেকে ঢাকা-আরিচা মহাসড়ক পর্যন্ত শোক র্যালি শেষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতা-কর্মীরা। এসব কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আফরোজা খান, দেলোয়ার হোসেনের মেজো ছেলে জেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য খোন্দকার আবদুল হামিদ, জেলা বিএনপির সহসভাপতি আবদুল বাতেনসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। তবে এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় কোনো জ্যেষ্ঠ নেতা ছিলেন না।
পরে দুপুরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকেলে জেলা শহরের দলীয় কার্যালয়ে প্রয়াত মহাসচিবের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতেও দলের কেন্দ্রীয় কোনো নেতা ছিলেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, ভাষা আন্দোলনে বীরত্বপূর্ণ অবদানের জন্য খোন্দকার দেলোয়ার হোসেনকে একুশে পদক দেওয়া হয়। মুক্তিযুদ্ধের তিনি অন্যতম সংগঠক। এক-এগারোর সময় দলের সংকটময় মুহূর্তে খোন্দকার দেলোয়ার হোসেন সাহসী ভূমিকা রেখেছেন। অথচ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে তাঁর সমাধিস্থলে দলের কেন্দ্রীয় কোনো জ্যেষ্ঠ নেতা আসেননি, ফুলও দেননি।
এ ব্যাপারে খোন্দকার আবদুল হামিদ জানান, আওয়ামী লীগ সরকার বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ওপর ‘স্টিম রোলার’ চালাচ্ছে। অধিকাংশ জ্যেষ্ঠ নেতাকে কারাগারে আটক রাখা হয়েছে। এ কারণে মৃত্যুবার্ষিকীতে তাঁরা উপস্থিত হতে পারেননি।
২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান খোন্দকার দেলোয়ার হোসেন।