শ্রমিক পাঠানোর নামে উপার্জনের রাস্তা বানাতে চেয়েছিল আ.লীগ: নোমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ আল নোমান
আবদুল্লাহ আল নোমান

মালয়েশিয়ায় ১৫ লাখ শ্রমিক পাঠানোর নাম করে আওয়ামী লীগ, যুবলীগের নেতারা কোটি কোটি টাকা উপার্জনের রাস্তা বানাতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সভায় নোমান এই অভিযোগ করেন। ‘শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী মুক্তি পরিষদ’—এর ব্যানারে ওই সভার আয়োজন করা হয়।
নোমান বলেন, গত পরশু সরকার ফলাও করে প্রচার করেছে যে মালয়েশিয়া ১৫ লাখ শ্রমিক নেবে। কিন্তু মালয়েশিয়া প্রতিবাদের সুরে বলেছে, ১৫ লাখ শ্রমিক নেওয়ার কথা সঠিক নয়। নোমান বলেন, হয়তো আওয়ামী লীগ, যুবলীগের লোকেরা তাদের এজেন্ট দিয়ে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়ার নামে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা উপার্জনের পথ সৃষ্টি করতে চেয়েছিল।
বিএনপির এই নেতা বলেন, কাউন্সিলের মাধ্যমে দলকে সংগঠিত করে ঐক্যবদ্ধ আন্দোলনে যাবে বিএনপি। ইয়াহিয়া খান, আইয়ুব খান, স্বৈরাচারী এরশাদ জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বর্তমান সরকারও পারবে না। জনগণের শক্তিই বড় শক্তি। বিএনপি জনগণের শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

সরকারের পাশাপাশি জাতীয় সংসদ বিরোধী দল জাতীয় পার্টিরও সমালোচনা করেন নোমান। তিনি বলেন, বিরোধী দল সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করবে, ভুল ধরিয়ে দেবে। এটাই বিরোধী দলের কাজ। কিন্তু সংসদের বিরোধী দল সেটা করতে পারছে না। তার গৃহপালিত বিরোধী দল।

সভায় অন্যদের মধ্যে বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।