শ্রমিক লীগের বিক্ষোভের মুখে ছেড়ে দিলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত স্টেশনের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করেন। শ্রমিক লীগের বিক্ষোভের মুখে দুই ঘণ্টার মধ্যে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

পরে কর্তব্যরত দুই নির্বাহী হাকিম র‍্যাবের পাহারায় স্টেশন ত্যাগ করেন।

ছাড়া পাওয়া ব্যক্তিরা হলেন টিকিট মাস্টার মুজিবুর রহমান ও আরিফুল ইসলাম, বুকিং সহকারী আবদুল বাকি ও আবদুল হান্নান এবং প্রহরী আসাদুজ্জামান মানিক।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে নির্বাহী হাকিম ফয়সাল হক ও সমর কুমার পাল রাজশাহী রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তাঁরা ওই পাঁচজনের বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগের সত্যতা পান। আদালত তাঁদের আটক করে অতিরিক্ত জেলা হাকিমের (এডিএম) কার্যালয়ে পাঠান। এর প্রতিবাদে স্টেশনের সব টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাকিমেরা স্টেশন ত্যাগ করার জন্য গাড়িতে উঠলে রেলওয়ে শ্রমিক লীগের নেতা-কর্মীরা গাড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। সন্ধ্যা সাতটার দিকে মাইকে স্টেশনে অবস্থানরত সবাইকে দুই মিনিটের মধ্যে স্টেশন ত্যাগ করতে বলা হয়। স্টেশন ফাঁকা করে লোকজন বাইরে চলে গেলে সব টিকিট কাউন্টারের আলো নিভিয়ে দেওয়া হয়।

সূত্র আরও জানায়, এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান স্টেশনে আসেন। তিনি হাকিম ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের নিয়ে রেলওয়ের উচ্চ শ্রেণির বিশ্রামাগারে বৈঠকে বসেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আটক কর্মকর্তা ও কর্মচারীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। রাত পৌনে আটটার দিকে তাঁদের স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর রাত আটটার দিকে র‍্যাবের পাহারায় হাকিমেরা স্টেশন ত্যাগ করেন।

এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, রেলওয়ের কাউন্টার থেকে পাঁচজনকে দুই ম্যাজিস্ট্রেট এসে আটক করেন। তাঁদের কাছে নাকি টিকিট পেয়েছেন। এটা হাজারবার অন্যায়। কিন্তু নিয়ম অনুয়ায়ী অনুমতি ছাড়া রেলওয়ের কাউন্টার থেকে ম্যাজিস্ট্রেট কাউকে তুলে নিতে পারেন না। এখন তাঁদের আটক করার পর দুই ম্যাজিস্ট্রেট গাড়িতে উঠে আর যেতে পারছেন না। তাঁদের ঘেরাও করে বিক্ষোভ হচ্ছে। তিনি তখন ওই দিকে হাঁটতে গিয়েছিলেন। দুই ম্যাজিস্ট্রেটকে নিয়ে তিনি বসেন। এরই মধ্যে রেলমন্ত্রী তাঁকে ফোন করে বলেন, ‘ম্যাজিস্ট্রেটদের চলে যেতে বলেন, কর্মচারীদের ছেড়ে দিতে বলেন। রেলের একজন কর্মচারীকেও তাঁরা যেন ধরে নিয়ে না যান। এই কারণে যেন ঈদের আগে ট্রেন বন্ধ না হয়। ঈদের পর তিনি দেখবেন কার বিরুদ্ধে কী অভিযোগ।’ ‌এরই মধ্যে র‌্যাব এল। সবাইকে আমি বোঝালাম। তাঁরা বুঝলেন। আটকদের ছেড়ে দেওয়া হলো। ম্যাজিস্ট্রেটরাও চলে গেলেন।

যোগাযোগ করা হলে ফয়সাল হক রাত পৌনে নয়টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, স্টেশনে কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেয়ে তল্লাশি করার জন্য তাঁদের হেফাজতে নেওয়া হয়েছিল। পরে অভিযোগের সত্যতা না পেয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।