শ্রমিক সংগঠনের সমন্বয় ছাড়া দাবি আদায় সম্ভব নয়: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, শ্রমিক ফেডারেশনগুলোর সমন্বয় ছাড়া শ্রমিকদের দাবি আদায় সম্ভব নয়। তিনি বলেন, দলীয় ভিত্তিতে শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। কিছু পেতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে। এ জন্য প্রয়োজন সমন্বয়।
জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার আয়োজিত এক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন। ‘পোশাকশিল্প শ্রমিকদের কর্মস্থলে জীবনের নিরাপত্তা, তাজরীন অগ্নিকাণ্ড, রানা প্লাজা ধসে নিহত-আহত, নিখোঁজ শ্রমিক ক্ষতিপূরণসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলিতে কার্যকর তদন্ত ও প্রয়াজনীয় আইন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ট্রেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
পোশাক শ্রমিকদের ক্ষতিগ্রস্ত হওয়ার নানা ঘটনা তুলে ধরে ড. কামাল হোসেন বলেন, তৈরি পোশাক কারখানার মালিক, সরকার, শ্রমিক ও ক্রেতাদের নিয়ে আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে।
রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত পরিশোধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
পোশাক কারখানার শ্রমিকদের ক্ষতিপূরণের প্রস্তাব তুলে ধরে তা পূরণ করতে বলেন অর্থনীতিবিদ এম এম আকাশ। এ-সংক্রান্ত প্রস্তাব আদালতে জমা দেওয়া আছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ড. কামাল হোসেন ভূমিকা রাখতে পারেন।
আয়োজক সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, পোশাকশিল্প আজ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। কিন্তু যে শ্রমশক্তির ওপর নির্ভর করে এ শিল্প টিকে আছে, কর্মক্ষেত্রে সেই শ্রমজীবী নারী-পুরুষের জীবন আজ নানাভাবে আতঙ্কিত এবং নিরাপত্তাহীন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও কয়েকজন শ্রমিক নেতা।