শ্রীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার কেওয়াটখালী এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল শনিবার যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়াটখালী এলাকায় মহাসড়কে ঢাকাগামী গোধূলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মাওয়াগামী আরাম পরিবহনের আরেক বাসের সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হাসান ইমাম ওরফে নবাব (৩৭) নামের একজন ও অজ্ঞাতনামা আরেকজনের মৃত্যু হয়। এ সময় দুই বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন। আহত যাত্রীদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসান ইমামের বাড়ি খুলনায়।
শ্রীনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিজান বলেন, দুর্ঘটনাস্থলে দুজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়। মহাসড়কের পাশ থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস দুটি উদ্ধার করা হয়েছে।