শ্রীনগরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর স্কুল মাঠে গতকাল আয়োজিত অনুষ্ঠানে বিএনপির সদস্য ফরম বিতরণ করছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন l ছবি: প্রথম আলো
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর স্কুল মাঠে গতকাল আয়োজিত অনুষ্ঠানে বিএনপির সদস্য ফরম বিতরণ করছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন l ছবি: প্রথম আলো

কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির দুই পক্ষের মধ্যে গতকাল শনিবার পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান উপলক্ষে সিরাজদিখানে অনুষ্ঠানে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এর জের ধরে সিরাজদিখানেও উত্তেজনা তৈরি হয়।

বিএনপির সাবেক সভাপতি আ. মমিন আলী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পক্ষের সঙ্গে বর্তমান সভাপতি শহীদুল ও সাধারণ সম্পাদক আবুল কালাম পক্ষের ওই সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে জেলা বিএনপির উদ্যোগে দলীয় সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যাওয়ার জন্য সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ওই দুই পক্ষ আসে। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় ইটের আঘাতে শামীম নামের একজন পথচারী আহত হন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে উভয় পক্ষ সিরাজদিখানের কুসুমপুর মাঠে যায়। সেখানে অনুষ্ঠান চলার সময় বেলা ১১টার দিকে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় উভয় পক্ষ নিজেদের নেতাদের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে। দলটির জ্যেষ্ঠ নেতা-কর্মীরা প্রায় ১০-১৫ মিনিট চেষ্টা করে পরিস্থিতি স্বাভাবিক করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বেলা একটার দিকে অনুষ্ঠান শেষ হয়।

বিএনপির স্থানীয় সূত্র জানায়, কমিটি গঠনকে কেন্দ্র করে কয়েক বছর ধরে শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ. মমিন আলী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পক্ষের সঙ্গে বর্তমান সভাপতি শহীদুল ও সাধারণ সম্পাদক আবুল কালাম পক্ষের বিরোধ চলছে। এর জের ধরে ওই ঘটনা ঘটে।

এ বিষয়ে কথা বলার জন্য একপক্ষের নেতা মো. দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে অপরপক্ষের নেতা আবুল কালাম বলেন, ‘এ ঘটনায় আমাদের বড়দের হাত নেই। এগুলো দলের ছোট ছেলেদের কাজ। তারাই একজন আর একজনকে পাল্টাপাল্টি ধাওয়া দেয়।’

জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।