শ্রীপুর পৌরসভা নির্বাচন: দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার বিকেলে তাঁদের কারণ দর্শানোর নোটিশ পাঠান রিটার্নিং কর্মকর্তা।
এই দুজন হলেন বিএনপির মেয়র প্রার্থী কাজী খান ও স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহ আলম।
নোটিশে বলা হয়, কাজী খান গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র দাখিলের আগে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে শোডাউন করেছেন। এটি নির্বাচন বিধিমালার লঙ্ঘন। তাঁর বিরুদ্ধে নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অপরাধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে হবে। একই কারণ উল্লেখ করে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধিতে বলা আছে, মনোনয়নপত্র দাখিলের আগে কোনো ধরনের শোডাউন করা যাবে না। তাঁরা আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।