শ্রীপুরে ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিশেষ সভা করে এ ঘোষণা দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু গত উপজেলা নির্বাচনের সময় থেকে সৃষ্টি হয় বিবাদের। তৈরি হয় দুটি শক্তিশালী পক্ষের। সেই বিরোধ আবার মাথাচাড়া দিয়ে ওঠে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে। দলের সমর্থক ভোটারদের মধ্যেও সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। দলীয় ও সাধারণ ভোটারদের গুঞ্জন থামাতে দেরিতে হলেও গতকাল বিকেলে হয় জরুরি বা বিশেষ সভা। সেখানে উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের নেতারা।
গতকালের সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম প্রধান। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সহসম্পাদক জামিল হাসান ওরফে দুর্জয়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমানত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। তবে গাজীপুর-৩ আসনের সাংসদ রহমত আলী সভায় ছিলেন না।
সভায় গাজীপুর-৩ আসনের সাংসদ রহমত আলীর ছেলে জামিল হাসান বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নৌকার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম প্রধান বলেন, নেতা-কর্মীরা যেন আরও উৎসাহ নিয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে পারে এবং তাঁদের মানসিক শক্তিকে সমৃদ্ধ করতে পারে, সে জন্য এই সভা করা হয়েছে।
সভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আনিছুর রহমান নৌকা প্রতীকের পক্ষে সবার সহযোগিতা কামনা করেন। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা নৌকা প্রতীকের সৈনিক। শেখ হাসিনার প্রতীককে বিজয়ী করা আমাদের মূল উদ্দেশ্য। নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।’
তবে শ্রীপুর মাওনা এলাকার আওয়ামী লীগের এক নেতা বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থী নিয়েও নানা ধরনের নাটকের সৃষ্টি হয়েছিল। শেষ দিকে এসে সেই নাটকের অবসান ঘটলেও ফলাফল তাদের ঘরে যায়নি। এখানেও তেমনি দেখা যাচ্ছে। এ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীপুর কলেজের সাবেক ভিপি আহ্সান উল্লাহ।
প্রতীক বরাদ্দের পর থেকে নৌকার পক্ষে উপজেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা সাংগঠনিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। এ বিষয়ে ২১ ডিসেম্বর প্রথম আলোয় ‘মন্ত্রীর পক্ষের আনিছুর থেকে দূরে সাংসদপক্ষ’ শিরোনামের প্রতিবেদন ছাপা হয়।
শ্রীপুর পৌর নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম। কিন্তু শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আনিছুর রহমান। শেখ নজরুল ইসলাম শ্রীপুরের সাংসদ রহমত আলী ও তাঁর ছেলে জামিল হাসান ওরফে দুর্জয়ের অনুসারী। তিনি মনোনয়ন না পাওয়ায় সাংসদের অনুসারী উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা নির্বাচনের প্রচারণায় মাঠে নামেননি। এ ছাড়া তাঁরা অন্য নেতাদের আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ না করতে উৎসাহিত করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।