শ্রীলঙ্কায় চাল রপ্তানি করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় চাল রপ্তানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের প্রযুক্তি প্রদর্শনী ‘চতুর্থ অ্যাগ্রো এক্সপো ২০১৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কৃষি মন্ত্রণালয় তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী শনিবার পর্যন্ত চলবে। নয়টি দেশের মোট ২২৫টি স্টল প্রদর্শনীতে অংশ নিয়েছে। সহযোগী প্রদর্শনী হিসেবে এর পাশাপাশি আরও দুটি প্রদর্শনী চলছে সেখানে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর শ্রীলঙ্কায় ৫০ হাজার থেকে ১ লাখ টন চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, অপ্রচলিত কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে সরকার রপ্তানিকারকদের নগদ আর্থিক সহায়তা দেবে।
বিশেষ অতিথি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কৃষিকাজে সেচের জন্য বৃষ্টির পানি ও অতিরিক্ত পানি সংরক্ষণ করে তা ব্যবহারে জোর দিতে হবে। কারণ দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। গভীর নলকূপ ব্যবহারে সরকার ব্যবসায়ীদের নিরুৎসাহ করছে। কৃষি খাতে সরকারের গৃহীত পদক্ষেপ ও কর্মসূচির কথা তুলে ধরেন কৃষিমন্ত্রী।
কৃষিসচিব এস এম নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব ও আয়োজক কমিটির প্রধান আনোয়ার ফারুক। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিড অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুদ্দৌলা, অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ।