ষড়যন্ত্র করা আপনাদের খাসলত হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘প্রগতিশীল শক্তিকে ভালো না লাগলে চুপ থাকেন। তবু ষড়যন্ত্র করবেন না। কিন্তু ষড়যন্ত্র করা আপনাদের খাসলত হয়ে গেছে। তাই চেষ্টা করে দেখতে পারেন।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বুধবার বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘দিল হ্যায় পাকিস্তানি’ নিয়ে দেশকে এগিয়ে নেওয়া যায় না। আর যিনি পাকিস্তানিদের মেহমান ছিলেন তিনিও দেশের উন্নতি করতে পারেন না, এটা প্রমাণিত। সরকারের নানা সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা ছাড়া আর কেউ স্বপ্ন দেখাতে পারেননি। তাই দেশ আরও এগিয়ে যাবে।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে মতিয়া চৌধুরী বলেন, পাকিস্তানিরা বলেছিল, ‘এ দেশের মানুষ নয়, মাটি চাই।’ তাই সে ষড়যন্ত্র এখনো আছে, সবাইকে গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আরও এগিয়ে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতার চেতনাকে ধ্বংস করা হয়েছিল। চারদলীয় জোট সরকারের সময় রাজাকারদের হাতে পতাকা তুলে দেওয়া হয়েছিল। কিন্তু যারা ’৭১-এ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা যেন রাষ্ট্রক্ষমতায় আর না আসতে পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ৫ জানুয়ারির পর যে আন্দোলন করবেন, সেটা সফল হবে না। কেননা, জনগণ আপনাদের সঙ্গে নেই। আপনি বারবার ব্যর্থ হয়েছেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।