
সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় ও ১৫ আগস্টে জঙ্গি হামলার ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা বলে মনে করছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর রায়ের মাধ্যমে বিরোধী শক্তিদের কাছে একটি রাজনৈতিক হাতিয়ার তুলে দিয়েছেন। সেটিকে পুঁজি করে ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট একটি ঘটনা ঘটিয়ে দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছিল; যা আইনশৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে। সুতরাং কোনো ঘটনা কোনো ঘটনা থেকে বিচ্ছিন্ন নয়। এ ঘটনা এবং ষোড়শ সংশোধনী বাতিল করে রায়—সবই একটি গভীর ষড়যন্ত্রের অংশ।
হাছান মাহমুদ বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহা ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ ভঙ্গ করেছেন। তিনি এখন বিচারপতি থাকার যোগ্যতা হারিয়েছেন।
বিএনপির সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি একটি পরগাছা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাদের নিজেদের কোনো রাজনীতি নেই, ইস্যু নেই। অন্যের ইস্যু ধার করে এবং অন্যের ওপর ভর করে তারা রাজনীতি করে। কিছুদিন তারা তেল-গ্যাস রক্ষা কমিটির ইস্যু নিয়ে রাজনীতি করেছে। এরপর ফরহাদ মজহারকে নিয়ে। এখন দেখা যাচ্ছে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধান বিচারপতির ঘাড়ের ওপর ভর করে রাজনীতি করছে।
জেএমবি ও নব্য জেএমবি জঙ্গিগোষ্ঠী জামায়াতের নেতা-কর্মীদের দিয়ে সৃষ্ট দাবি করে হাছান মাহমুদ বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের মাত্র ৩০০ মিটার দূরে যে জঙ্গি নিজেই বোমা ফাটিয়ে নিজেকে উড়িয়ে দিল, সে ইসলামী ছাত্রশিবির করত। তার বাবাও জামায়াতের বড় নেতা। খোলস পাল্টে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নব্য জেএমবি হয়েছে। আর এদের পৃষ্ঠপোষকতা করছে বিএনপি এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া।