ষোড়শ সংশোধনীর রায় পর্যালোচনা করছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় গভীরভাবে পর্যালোচনা করছে বিএনপি। দলটি মনে করছে, নানা কারণে আদালতের এই রায় খুব গুরুত্বপূর্ণ। এই রায় নিয়ে দলের অবস্থান কেমন হওয়া উচিত, সে বিষয়টি নির্ধারণ করতে এই পর্যালোচনা করছে।

বিএনপির সূত্র জানায়, গত শনিবার বিএনপির আইনজীবী নেতারা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বৈঠক করেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, আইনজীবী নেতা খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী, মাহবুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে রায় আরও পর্যালোচনা করে একটি সারসংক্ষেপ তৈরি করার সিদ্ধান্ত হয়। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারসংক্ষেপটি লন্ডনে অবস্থানরত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পাঠাবেন।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা মনে করছেন, ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায়ে খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক দিক আছে। রায়ে নির্বাচন কমিশন, সংসদ নিয়ে যেসব পর্যবেক্ষণ উঠে এসেছে, সেগুলো গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্বাচন, নির্বাচন কমিশন, বর্তমান সংসদ নিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে যে কথাগুলো বলে আসছে, আদালতের রায়েও বিষয়গুলো উঠে এসেছে। আদালতের পর্যবেক্ষণে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবির যৌক্তিকতা উঠে এসেছে।