ষড়যন্ত্র করতে লন্ডনে খালেদা: হাছান মাহমুদ

অবকাশ যাপনের জন্য নয়, ষড়যন্ত্র করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন গেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, তা না হলে এয়ারপোর্ট থেকে কেন মা-ছেলে বাদে অন্য কেউ গাড়িতে ওঠেননি। নতুন কোনো ষড়যন্ত্র করছেন বিধায় তিনি কোনো সাক্ষী রাখেননি।
আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।
বিএনপি নেত্রীর উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ষড়যন্ত্র করতে গিয়ে আপনি এখন বিএনপির পরিত্যক্ত নেত্রীতে পরিণত হয়েছেন। আপনার কথায় এখন সাধারণ মানুষ তো দূরের কথা বিএনপির নেতা কর্মীরাই সাড়া দেয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এখন আপনাকে চায় না। তাই আপনাকে বলব, লন্ডনে বসে ষড়যন্ত্র না করে আপনি ও তারেক রহমান বিএনপি থেকে সরে দাঁড়ান। তাহলে বিএনপি কলুষমুক্ত হবে।’
হাছান মাহমুদ বলেন, বিএনপিকে এখন রাজনৈতিক দল বলার সুযোগ নেই। বিএনপি এখন দুষ্কৃতিকারীদের দল।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।