পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধে ড. মুহাম্মদ ইউনূস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী ষড়যন্ত্র করেছিলেন। তাঁদের এখন জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির ষড়যন্ত্র মিথ্যা প্রমাণিত হওয়ায় এ বিষয়ে গতকাল সোমবার আনুষ্ঠানিক ব্রিফিং করে আওয়ামী লীগ। সেখানেই দলের প্রচার সম্পাদক ও অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ এ কথা বলেন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাছান মাহমুদ বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ ব্যক্তিকে ই-মেইল দিয়েছিলেন। টিআইবিসহ কিছু বুদ্ধিজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্ব দুর্নীতি প্রমাণ হওয়ার আগেই দুর্নীতি হয়েছে তা প্রমাণে ব্যস্ত ছিল। তাঁদের এ তৎপরতার কারণে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক অর্থায়ন বন্ধ করে দেয়। এতে প্রকল্পের কাজ দুই বছর পিছিয়ে যায়। দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহির্বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর মাধ্যমে তাঁরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। তাঁদের বিচারের আওতায় আনা উচিত। যদিও এটা সরকারের দায়িত্ব, আমি মনে করি সরকার এটা ভেবে দেখতে পারে।’
এই রায়ের পর বিএনপির অবস্থান প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, দুদক যখন বলেছিল, এতে কোনো দুর্নীতি হয়নি, তখন তারা মানেনি। বলেছে, সরকারের প্রভাবে দুদক এ সিদ্ধান্ত দিয়েছে। কানাডার আদালতের রায়ের পরও তারা একই মনোভাব প্রকাশ করেছে। এর অর্থ তারা দেশ ও বিদেশের কোনো আদালতই মানে না। এরা আসলে গ্রাম্য মোড়লদের মতো। নিজেদের বিবেচনার বাইরে যেতে পারে না।
হাছান মাহমুদ আরও বলেন, বিশ্বব্যাংক ভুল বুঝতে পেরে পুনরায় পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার সরকার তাদের না করে দেন। পরে তারা ভুল স্বীকার করে। বিশ্বব্যাংক এখন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন করাসহ বিভিন্ন প্রকল্পে সেই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আসলে কানাডার আদালতের রায় আর বিশ্ব ব্যাংকের ভুল স্বীকার করার মাধ্যমে দেশ কলঙ্কমুক্ত হয়েছে।
দুর্নীতিই যেহেতু হয়নি, তাহলে কলঙ্কমুক্ত কেন? এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশকে কলঙ্কিত করার ষড়যন্ত্র হয়েছিল। সেটা এখন কেটে গেছে।
সংবাদ সম্মেলনে দপ্তর সম্পাদক আবদুস সোবহান, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, সংস্কৃতিবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।