যারা দেশ, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা সংখ্যায় খুবই কম। তৃণমূল নেতা-কর্মীরা যদি সোচ্চার থাকেন, তবে এ সংখ্যা কোনো সংখ্যাই না। ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র প্রতিহত করবেন তৃণমূল নেতা-কর্মীরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গাজীপুর-৫ আসনের নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মী ও সুধীজনদের ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ কথা বলেন। উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকার একটি রিসোর্টের এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন প্রতিমন্ত্রী।
দলের তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, যাঁরা দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন, ধৈর্য ধরেছেন—এই ধৈর্যই আগামী দিনে আপনাদের ভালো অবস্থানে নিয়ে যাবে। আর যাঁরা দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেননি এবং ধৈর্য ধরেননি; বরং দলের জন্য বদনাম কামিয়েছেন, ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি তাঁদের জন্য চিরতরে বন্ধ হবে।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল গণি ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যাঁন্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য আমজাদ হোসেন, কেন্দ্রীয় তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।