ষড়যন্ত্রের অংশ হিসেবে রিপোর্ট করেছিলেন মাহ্ফুজ আনাম: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষড়যন্ত্রের অংশ হিসেবেই ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, দেশের মানুষ বিশ্বাস করে, মাহ্ফুজ আনাম একজন জ্ঞানী ও প্রজ্ঞাবান মানুষ। তিনি ভুল করে এমন রিপোর্ট প্রকাশ করবেন, তা দেশের সাধারণ মানুষ বিশ্বাস করে না।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর অনির্ধারিত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলন হানিফ এসব কথা বলেন।
হানিফ ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামকে উদ্দেশ করে বলেন, ‘শুধুমাত্র ভুল স্বীকার করে দায়মুক্ত হতে পারবেন না। ওনাকে প্রমাণ করতে হবে যে, তিনি নিছক ভুল হিসাবে কাজ করেছেন, নাকি ষড়যন্ত্র হিসাবে কাজ করেছেন। জনগণ এক-এগারোর সময়ে ওনার ভূমিকা জানতে চায়। এ জন্য যদি কেউ আদালতের দ্বারস্থ হন, সে ব্যাপারে তাঁদের বলার কিছু নেই।’
হানিফ বলেন, শেখ হাসিনাকে রাজনীতি থেকে বাদ দেওয়ার জন্যই এ মিথ্যা রিপোর্ট প্রকাশ করেছিলেন তিনি। আর এ খবর চাপানোর কারণেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১১ মাস কারা নির্যাতিত হতে হয়েছিল। জনগণের কাছে হেয়প্রতিপন্ন এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না বলে উল্লেখ করে বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের একটা ভুল সংবাদ পরিবেশন করা হয়েছে ডেইলি স্টার-এর মতো পত্রিকায়; যার জন্য তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটাকে হালকাভাবে আমরা নেব কেন! ...তিনি নিজেই এটা স্বীকার করেছেন। নৈতিক কারণেই তাঁর তো বলা উচিত ছিল, দায়িত্ব থেকে আমি অব্যাহতি নেব। যাই হোক, এটা তাঁর ব্যাপার।’