ষড়যন্ত্রের অংশ হিসেবে রিপোর্ট ছেপেছেন মাহ্ফুজ আনাম: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের মানুষ বিশ্বাস করে মাহ্ফুজ আনাম একজন জ্ঞানী ও প্রজ্ঞাবান মানুষ। তিনি ভুল করে এমন রিপোর্ট প্রকাশ করবেন, তা দেশের সাধারণ মানুষ বিশ্বাস করে না। ষড়যন্ত্রের অংশ হিসেবেই তিনি এ রিপোর্ট প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর অনির্ধারিত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলন হানিফ এসব কথা বলেন।
ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘শুধুমাত্র ভুল স্বীকার করে দায়মুক্ত হতে পারবেন না। ওনাকে প্রমাণ করতে হবে যে, তিনি নিছক ভুল হিসেবে কাজ করেছেন, নাকি ষড়যন্ত্র হিসেবে কাজ করেছেন। জনগণ এক-এগারোর সময়ে ওনার ভূমিকা জানতে চায়। এ জন্য যদি কেউ আদালতের দ্বারস্থ হন, সে ব্যাপারে তাঁদের বলার কিছু নেই।’
কয়েক দিন আগে ডেইলি স্টার-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, কয়েক কোটি টাকা খরচ করে কয়েক দিন আগে ডেইলি স্টার-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছিল। প্রায় ১০ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিদেশ থেকে অনেক ব্যক্তিকে আমন্ত্রণ করে আনা হয়েছে। এ উদ্যাপন কি শুধু প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে? সেদিনের অনুষ্ঠানে দেশের একজন বিশিষ্ট ব্যক্তি প্রায় দুই ঘণ্টা সময়ব্যাপী বক্তব্য রেখেছিলেন। এতে দেশের অনেক মানুষ বিশ্বাস করে, এ অনুষ্ঠান ছিল ‘প্রজেকশন মিটিং’। যে ব্যক্তিকে কেন্দ্র করে এক-এগারোর ষড়যন্ত্র হয়েছিল, তাঁকে দিয়েই এ প্রজেকশন মিটিং করা হলো। তাই এখন দেশের সচেতন মানুষ মনে করে তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। এখনো ষড়যন্ত্র-চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
হানিফ বলেন, ‘মাহ্ফুজ আনাম সাহেব দেশের একটি স্বনামধন্য পত্রিকার সম্পাদক। উনি নিজেই স্বীকার করেছেন এক-এগারোর সময় যাচাইবাছাই না করে কিছু রিপোর্ট প্রকাশ করেছিলেন এবং তিনি স্বীকার করেছেন এ রিপোর্ট প্রকাশ ভুল ছিল। সে সময় তিনি কেন এ রিপোর্ট প্রকাশ করেছেন তা নিয়ে আমাদের ভাবতে হবে।’
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সম্পাদকমণ্ডলীর অনির্ধারিত ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বীর বাহাদুর, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।