নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোথায় ষড়যন্ত্র হয়েছে তার প্রমাণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতির সামনে দিতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আপনি ষড়যন্ত্রের তথ্য-প্রমাণ নিয়ে জাতির সামনে উপস্থাপন করুন। অন্যথায় আপনার এই অন্ধকারের যে ঢিল ছোড়া মন্তব্য, তা প্রত্যাহার করুন। হয় প্রমাণ দিতে হবে, নয় বক্তব্য প্রত্যাহার করতে হবে।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে যৌথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকার আশপাশের জেলা ও উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক এবং সেখানকার সাংসদদের এই সভা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জে আমরা একটা ঐতিহাসিক নির্বাচন করেছি। অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করেছি। শেখ হাসিনার নেতৃত্বের অধীনে নির্বাচন কমিশন এখানে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দলীয় সরকারের অধীনে এ দেশে যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, এটা অনেকের কাছে ছিল অবিশ্বাস্য। সেই অসম্ভবকে সম্ভব করেছে আওয়ামী লীগ সরকার।’
৫ জানুয়ারি ঢাকায় দুটি সমাবেশ: ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে ৫ জানুয়ারি ঢাকায় দুটি সমাবেশ করবে আওয়ামী লীগ। গতকাল এক যৌথ সভায় ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে ধানমন্ডির রাসেল স্কয়ারে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ করবে।