সংকট কাটাতে পুনর্গঠন নিয়েও সংশয়ে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পরপর দুই দফায় আন্দোলনে ব্যর্থতার হতাশা, তারপর মামলা-গ্রেপ্তার আতঙ্ক, সঙ্গে অভ্যন্তরীণ কোন্দল, শীর্ষ পর্যায়ে পারস্পরিক আস্থার সংকট—সব মিলিয়ে এক কঠিন সংকটে বিএনপি। এই অবস্থা কাটিয়ে উঠতে দল পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব।
বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও প্রবীণ নেতারা বলছেন, দলের প্রতিষ্ঠার ৩৭ বছরে এখনকার মতো এমন বিপর্যয়কর পরিস্থিতি আর কখনো আসেনি। পরিস্থিতি এতটাই নাজুক যে, দুই বছর ধরে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা পর্যন্ত হচ্ছে না। এবারও শোভাযাত্রার কর্মসূচি নেই। প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম ঘরোয়া আলোচনাতেই সীমাবদ্ধ রাখা হয়েছে। এই অবস্থায় বিএনপির সাংগঠনিক সক্ষমতা নিয়ে নেতা-কর্মীদের ভেতরেই প্রশ্ন আছে। তাঁরা বলছেন, ৩৭ বছরে এসে বিএনপির ওপর যেন বার্ধক্য ভর করেছে।
দলীয় সূত্র জানায়, বর্তমান অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব সারা দেশে দলের কমিটি পুনর্গঠনের কাজে হাত দিয়েছেন। ৯ আগস্ট কেন্দ্র থেকে পাঠানো এক চিঠিতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ত্যাগী, সাহসী ও নিবেদিতপ্রাণ নেতাদের সমন্বয়ে জেলা, মহানগর, উপজেলা ও পৌর কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দল পুনর্গঠনের সঙ্গে যুক্ত একাধিক নেতা বলেন, এ চিঠির পর মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। যদিও দল পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার পর তা বাধাগ্রস্ত করতে নেতা-কর্মীদের গ্রেপ্তার, পুরোনো মামলা সচল করা এবং অভিযোগপত্র দেওয়ার প্রবণতা বেড়ে গেছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।
এ বিষয়ে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, উৎসবের আমেজে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কথা। কিন্তু সেখানে এখন আতঙ্ক বিরাজ করছে। সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। গতকাল শনিবার দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার লাগাতে গিয়ে রাজধানীর মৎস্য ভবনের কাছে বিএনপির কর্মী রিজভী হাওলাদারকে (প্রতিবন্ধী) মারধর করা হয় বলে তিনি উল্লেখ করেন।
আসাদুজ্জামান রিপন দাবি করেন, ‘বিএনপি সাংগঠনিক সক্ষমতা বা জনপ্রিয়তা—কোনোটিই হারিয়ে ফেলেনি। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো পালন করতে চাই। সরকার তাতে বাধা দিচ্ছে। কিন্তু আমরা সরকারের সঙ্গে লড়াইয়ে নামতে চাচ্ছি না। দেশবাসী তা দেখছে।’
বিএনপির নেতাদের মূল্যায়ন হচ্ছে, মূলত এক-এগারোর পর থেকে বিএনপি বিপর্যয়ের মুখে পড়ে। সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের আন্দোলন ব্যর্থ হওয়া এবং পরের বছর আবারও টানা তিন মাসের ব্যর্থ আন্দোলন দলটিকে বিপর্যস্ত করে দিয়েছে। কারণ, এ সময়ে সারা দেশে বিপুলসংখ্যক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকে কারাবন্দী। গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছে নেতা-কর্মীদের একটি বড় অংশ। আতঙ্কে শীর্ষস্থানীয় নেতাদের অনেকে চুপসে গেছেন। সাংগঠনিক কাঠামোও অনেকাংশে ভেঙে পড়েছে।
দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান অবশ্য বলছেন, এমন পরিস্থিতি বিএনপির জন্য নতুন নয়। জিয়াউর রহমানের মৃত্যুর পরও বিএনপি এ ধরনের পরিস্থিতিতে পড়েছিল। তবে এটা ঠিক, এবার বিএনপির ওপর হামলা-মামলা-নির্যাতনের মাত্রা অনেক বেশি। তিনি মনে করেন, বিএনপির চলমান সংকট সাময়িক। এটি কাটিয়ে তাঁরা এগিয়ে যাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, জেলা পর্যায়ের কমিটি পুনর্গঠনের চিঠি পাওয়ার পর মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ছোটাছুটি বেড়েছে। মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল-বিবাদ আবার মাথাচাড়া দিয়েছে। আবার পুরোনো কমিটির নেতারা পদ ধরে রাখার জন্য দলের গুরুত্বপূর্ণ নেতাদের কাছে দেনদরবারও শুরু করেছেন। এ পরিস্থিতিতে দল পুনর্গঠনের উদ্যোগ শেষ পর্যন্ত কতটুকু সফল হবে, তা নিয়েও সংশয় আছে।
এ প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, সংগঠনকে শক্তিশালী করা এখন বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ। এখানে অনেক ধরনের বাধা আছে। এ বাধা অতিক্রম করেই বিএনপি এগিয়ে যাবে।
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বলেন, দুই দফায় নিষ্ফল আন্দোলনে দলের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। এরপর মামলা ও গ্রেপ্তারের পাশাপাশি সরকারের কঠোর মনোভাবে নেতা-কর্মীদের বড় একটি অংশ গা ঢাকা দিয়ে আছে। এই অবস্থায় দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ পরিস্থিতি কাটানোর লক্ষ্যে দল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নেতারা মনে করেন, ঢাকা মহানগর ছাড়া বিএনপির ৭৪টি সাংগঠনিক জেলার মধ্যে যদি অর্ধেক জেলায় কমিটিও পুনর্গঠন করা যায়, তাও কম নয়। কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার পর মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে তৎপরতা বেড়েছে। যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান বলেন, বর্তমান পরিস্থিতির আলোকে তাঁরা পুনর্গঠনের বিষয়ে ভালো সাড়া পাচ্ছেন। আশা করছেন, শিগগিরই দল আরও চাঙা হবে।
আগামী ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সে সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান পাল্টা-অভ্যুত্থানের এক পটভূমিতে ৭ নভেম্বর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। প্রথমে তিনি ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে বিভিন্ন দল ও গোষ্ঠীর একটি সমন্বিত প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন। পরে বিএনপি প্রতিষ্ঠা করেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হলে বিএনপি প্রথমবারের মতো নেতৃত্বের সংকটে পড়ে। তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার সাময়িক সময়ের জন্য সরকার ও দলের হাল ধরেন। ১৯৮২ সালের ২৪ মার্চ জেনারেল এরশাদের সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। দলের সংকটকালে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন খালেদা জিয়া।
২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে তা বয়কট করে বিএনপি। কিন্তু নির্বাচন প্রতিহতে ব্যর্থ হয় তারা। সে সময় এক দফায় নেতা-কর্মীরা মামলায় জর্জরিত হয়ে পড়েন। এর এক বছরের মাথায় গত ৫ জানুয়ারি থেকে আবারও লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় দলটি। টানা তিন মাস চলার পর তা প্রত্যাহার করা হয়।
দলের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের নেতা-কর্মীরা বলছেন, আন্দোলনে ক্ষান্ত দিয়ে ঘরে ফেরার পর থেকেই কার্যত নির্জীব হয়ে আছে বিএনপি। গত বিএনপির শীর্ষ নেতৃত্ব হুমকি দিয়েছিলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। কিন্তু গত বৃহস্পতিবার সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিলেও এর প্রতিবাদে বিএনপি এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেয়নি। কেবল সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছে।
এসবের বাইরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা নিয়েও বিএনপিতে আশঙ্কা বাড়ছে। যেভাবে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা চলছে এবং দীর্ঘদিন ধরে স্থগিত থাকা মামলাগুলো সচল করা হচ্ছে এবং নাশকতার বিভিন্ন মামলায় তাঁকে আসামি করা হচ্ছে, তাতে সরকার দ্রুত তাঁকে সাজা দিতে চাইছে বলে দলের নেতারা আশঙ্কা করছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘এখন প্রতিকূলতার মধ্য দিয়ে বিএনপি অগ্রসর হচ্ছে। এর ভেতর দিয়েই একটি পরিস্থিতির সৃষ্টি করতে হবে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’