সংকট কাটাতে সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে: ইউট্যাব
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) মনে করে, দেশের চলমান রাজনৈতিক সংকটের মূলে রয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন। এ সংকট কাটাতে হলে অবিলম্বে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে।
ইউট্যাব গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মত জানায়। তাদের দাবি, একটি গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তবে গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার কীভাবে হতে পারে, এ বিষয়ে কোনো দিকনির্দেশনা তারা দেয়নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইউট্যাবের সভাপতি আ ফ ম ইউসুফ হায়দার। লিখিত বক্তব্যে বলা হয়, ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের আগে বর্তমান সরকার এটিকে ‘নিয়ম রক্ষার’ নির্বাচন উল্লেখ করেছিল। সরকার ওয়াদা করেছিল, ওই নির্বাচনের পর তারা বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচনের আয়োজন করবে। কিন্তু এক বছর পার হলেও সরকার আলোচনার সুযোগ তৈরি করেনি। এটা জাতির কাছে ওয়াদা ভঙ্গের শামিল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের মহাসচিব তাহমিনা আখতার, মোর্শেদ হাসান খান, সিরাজউদ্দিন আহমেদ, শামসুল আলম প্রমুখ।