সংকটকালে বুদ্ধি না দেওয়ায় নেতাদের প্রতি ক্ষুব্ধ খালেদা
বিএনপির ঢাকা মহানগর কমিটি গঠনে ধীরগতি এবং সংকটকালে স্থায়ী কমিটির সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় বুদ্ধি-পরামর্শ না আসায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে তিনি এ অসন্তুষ্টি প্রকাশ করেন বলে সেখানে উপস্থিত থাকা একাধিক নেতা জানান।
রাত সোয়া নয়টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলে।
বৈঠক শেষে স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, বৈঠকের একপর্যায়ে খালেদা জিয়া দলের নেতাদের উদ্দেশে বলেন, ‘আগামীতে আমি মাঠে নামব। আপনারা নামবেন কি না?’ এ সময় সব নেতাই তাঁর পাশে থাকার অঙ্গীকার করেন। তখন তিনি বলেন, ‘আপনারা কেউ নামবেন না। কেউ কিছু করবেন না। তা আমি জানি। আমি একাই মাঠে নামব।’
বৈঠক সূত্রে জানা যায়, খালেদা জিয়া বলেন, ঢাকা মহানগরে না হচ্ছে কমিটি, না হচ্ছে আন্দোলন। এ সময় তিনি ৭ নভেম্বর উপলক্ষে ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েও তা করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এ বিষয়ে মহানগর থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তখন মির্জা আব্বাস এ দুটি বিষয়ে ব্যাখ্যা দিতে চাইলেও খালেদা জিয়া তা শোনেননি।
খালেদা জিয়া আরও বলেন, সরকার হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছে। কিন্তু এ বিষয়ে বিএনপির নেতাদের পক্ষ থেকে সেভাবে জোরালো বক্তব্য আসছে না। তিনি একপর্যায়ে স্বীকার করেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর আন্দোলন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না। সে সময় দলের পক্ষ থেকে তাঁকে কেউ পরামর্শও দেননি। তিনি বলেন, ‘কেউ নিজের উদ্যোগে কিছু করেন না। সবাই আমার দিকে তাকিয়ে থাকেন।’
পুরো বৈঠকজুড়েই খালেদা জিয়া দলের শীর্ষস্থানীয় নেতাদের নিষ্ক্রিয়তায় বিরক্তি প্রকাশ করেন। তিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বিএনপির নেতাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘এটি খুবই স্পর্শকাতর মামলা। অথচ আপনারা কেউই বিষয়টি বৈঠকে তুললেন না।’ খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।