বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতালের কারণে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সরকারি-বেসরকারি শিক্ষায় স্থবিরতা চলছে। এক মাস ধরে শিক্ষক-শিক্ষার্থীর স্বাভাবিক উপস্থিতি না থাকায় সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও স্বাভাবিক ক্লাস বা পরীক্ষা হচ্ছে না। অবরোধের দিনে কিছু কিছু ক্লাস বা পরীক্ষা হলেও হরতালে তা বন্ধ থাকছে। এতে অনিশ্চয়তার মুখে পড়েছে প্রায় পৌনে ৫ কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন।
সারা দেশ থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যে দেখা গেছে কি স্কুল, কি কলেজ, কি বিশ্ববিদ্যালয়—সব ক্ষেত্রেই উপস্থিতি কম। যেসব প্রতিষ্ঠানে দূর-দূরান্তের শিক্ষার্থীরা পড়ে সেগুলোতে উপস্থিতি সবচেয়ে কম। তবে এলাকাভেদে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি প্রায় স্বাভাবিক।
এবারের শিক্ষাবর্ষের শুরুটাই হয়েছে হরতাল দিয়ে। বছরের প্রথম দিনে হরতালের মধ্যেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হয়। সেদিন হরতাল ডেকেছিল ২০-দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী। ২ জানুয়ারি ছিল শুক্রবার, সাপ্তাহিক ছুটি। ৩ জানুয়ারি ক্লাস হলেও ৪ জানুয়ারি ছিল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি। ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে ২০ দলের কর্মসূচি ঘিরে শুরু হয় উত্তেজনা। ৬ জানুয়ারি থেকে শুরু হয় অনির্দিষ্টকালের অবরোধ। এর ওপর মাঝেমধ্যে দেওয়া হচ্ছে হরতাল। চলছে সহিংসতা, পেট্রলবোমা হামলা, নাশকতা। এতে আতঙ্কিত হয়ে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। হরতালের কারণে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দুটিই পিছিয়ে আজ শুরু হচ্ছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী চলমান পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে জানান, দেশের পুরো শিক্ষাব্যবস্থাই প্রায় অচল হয়ে পড়ছে। এভাবে চলে কী করে? সংঘাত ছেড়ে এখন সিদ্ধান্তে পৌঁছানো উচিত—দেশ বড়, না ক্ষমতায় যাওয়া বা থাকা বড়। এমন স্থবিরতা থাকলে দেশ এগোবে কী করে?
স্কুলের চিত্র: রাজধানীর বেশ কটি বিদ্যালয়ে গতকাল সরেজমিন ঘুরে ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবরোধের সময় বিদ্যালয়ের কাছাকাছি থাকা শিক্ষার্থীরাই ক্লাসে আসে। দূরের শিক্ষার্থীরা আসছে খুবই কম। হরতাল থাকলে উপস্থিতি একদমই কম থাকে। ভালো হিসেবে পরিচিত বিদ্যালয়গুলোতে অনুপস্থিতির হার তুলনামূলক বেশি।
ঢাকার বাইরে থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানান, বিভাগীয় সদর ও জেলা সদরের বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে। এলাকাভেদে কিছু শহরের পরিস্থিতি প্রায় স্বাভাবিক। আর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপস্থিতিতে তেমন প্রভাব পড়েনি।
গতকাল হরতালের দিন রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজসংযুক্ত হাইস্কুলে সরেজমিনে দেখা যায়, কোনো শিক্ষার্থী নেই। স্কুলের প্রধান শিক্ষক কস্তুরী দত্ত মজুমদার প্রথম আলোকে জানান, এসএসসি পরীক্ষার সময় বেশির ভাগ বিদ্যালয় ছুটি থাকলেও তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন যেদিন পরীক্ষা থাকবে না সেদিন ক্লাস নেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বৃহস্পতিবার থেকে ক্লাস নেওয়ার কথা ছিল। কিন্তু বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থীর মধ্যে গতকাল মাত্র ১০ থেকে ১২ জনের উপস্থিতি ছিল। তিনি জানান, হরতাল-অবরোধের প্রথম দিকে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও কিছুদিন ধরে বোমাবাজি বেড়ে যাওয়ায় উপস্থিতি কমে গেছে।
তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে গতকাল কোনো ক্লাস হয়নি। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম জানান, অবরোধ থাকলে অর্ধেকের কিছু বেশি শিক্ষার্থী আসে। কিন্তু হরতাল হলে আসে না। এখন ক্লাস না হওয়ার প্রভাব পড়বে পরবর্তী দিনগুলোতে। কেন্দ্র থাকায় এসএসসি পরীক্ষার দিনগুলোতে ক্লাস হয় না। এবার এই পরীক্ষা শুরুই হচ্ছে না। এতে সমস্যা আরও বাড়ছে। কারণ, এসএসসি পরীক্ষা যত দিন পেছাবে, তত দিন ক্লাসও পেছাবে। এ কারণে সিলেবাস শেষ করা নিয়ে শঙ্কা আছে।
এসএসসির কেন্দ্র আছে, এমন অনেক বিদ্যালয় কেবল পরীক্ষার দিন ক্লাস বন্ধ রাখলেও অনেক বিদ্যালয় পুরো এসএসসি পরীক্ষার সময়েই ক্লাস বন্ধ রাখে। ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক জানান, এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকায় ২ ফেব্রুয়ারি থেকে আগামী ১৮ মার্চ পর্যন্ত তাঁদের বিদ্যালয়ে ক্লাস হবে না।
পুরান ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক জানান, তাঁদের বিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থীই উপস্থিত থাকছে। কারণ, শিক্ষার্থীদের বড় অংশই বিদ্যালয়ের আশপাশের এলাকায় থাকে।
খুলনা বিভাগীয় শহরে স্বাভাবিক সময়ের চেয়ে শিক্ষার্থী উপস্থিতি নেমে এসছে অর্ধেকে। তবে হরতালে ক্লাস নেওয়া সম্ভব হয় না। খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫০০। অবরোধে তা কোনোভাবেই ৫০ শতাংশের ওপরে যায়নি বলে জানান প্রধান শিক্ষক লায়লা আরজুমান।
সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে ২ হাজার ৬০০ ছাত্রী পড়াশোনা করছে। অবরোধ শুরু হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ছাত্রীদের উপস্থিতি ক্রমান্বয়ে কমতে থাকে। হরতালের দিন উপস্থিতি থাকে শূন্য।
চট্টগ্রাম মহানগরের ছালেহ জহুর সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম জানান, অবরোধের সময় কিছু ছাত্র এলেও হরতালে একেবারেই আসে না। ফলে ক্লাস হয় না। অবরোধে প্রতি শ্রেণিতে ২০ থেকে ২৫ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত থাকে।
ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়, কলেজিয়েট স্কুল ও কদম মোবারক সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়েও হরতালে ছাত্ররা যায় না বলে জানিয়েছেন শিক্ষকেরা।
চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শুক্রবারে ক্লাস নিচ্ছে এখন।
কলেজের চিত্র: শিক্ষার্থী উপস্থিতি সবচেয়ে বেশি কমেছে কলেজগুলোতে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে গেলে ফটকের দায়িত্বে থাকা একজন দারোয়ান জানান, হরতাল থাকায় ক্লাস হয়নি। নাম প্রকাশ না করার শর্তে রাজধানীর ইডেন কলেজের বাণিজ্য শাখার একটি বিভাগের প্রধান প্রথম আলোকে জানান, হরতালে কেবল কলেজের ছাত্রীনিবাসে থাকা ছাত্রীরাই উপস্থিত থাকেন। অবরোধে উপস্থিতি সামান্য বেশি হয়। ঢাকা কলেজের একজন শিক্ষক জানান, হরতালে কলেজে ক্লাস হয় না। অবরোধে ২৫ থেকে ৩০ শতাংশ ক্লাস হয়।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের একজন শিক্ষক জানান, স্বাভাবিক সময়ের চেয়ে অবরোধে শিক্ষার্থীদের উপস্থিতি কম হয়। হরতাল থাকলে আরও কমে যায়।
রাজশাহী শহরের মধ্যে সবচেয়ে বড় কলেজ হচ্ছে রাজশাহী কলেজ। ওই কলেজে ২৫ থেকে ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে। এই কলেজে অবরোধে ক্লাস হচ্ছে। তবে কলেজের গাড়ি বন্ধ থাকার কারণে প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী আসতে পারছে না। আর হরতালের মধ্যে শিক্ষকেরাও ক্লাস নেন না।
রাজশাহীর নিউ ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী প্রথম আলোকে জানান, হরতাল-অবরোধে তাঁদের কোনো ক্লাস হয়নি।
বিশ্ববিদ্যালয় পরিস্থিতি: বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হলেও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। হরতালে বিশ্ববিদ্যালয়ের বাস না চলায় শিক্ষার্থী ও শিক্ষকেরা ভোগান্তিতে পড়ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া বাংলা বিভাগের এক শিক্ষার্থী জানান, অবরোধের মধ্যে ক্লাস হলেও হরতালে প্রথম দিকে ক্লাস হয়নি। তবে এখন হরতালেও ক্লাস হচ্ছে। আরও কয়েকটি বিভাগে প্রায় একই চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত কয়েক বছরে সেশনজট প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে যেন আবার সেশনজট না হয়, সে জন্য চেষ্টা চলছে।
রাজধানীতে অবস্থিত অন্তত তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও হরতাল-অবরোধের প্রভাব পড়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে জানান, হরতালের দিন বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও শিক্ষার্থীরা আসেন না। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) একজন কর্মকর্তা জানান, হরতাল থাকলে দিনের বেলায় ক্লাস হয় না। তবে সন্ধ্যাকালীন কোর্সের ক্লাস হয়।
রংপুর ও গাইবান্ধার পরিস্থিতি প্রায় স্বাভাবিক: অবরোধ-হরতালেও রংপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক থাকছে। গতকাল বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর উচ্চবিদ্যালয়, শিশুনিকেতন উচ্চবিদ্যালয়, রবার্টসনগঞ্জ উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ে সরেজমিনে দেখা গেছে স্বাভাবিক দিনের মতোই শিক্ষার্থীদের উপস্থিতি। এ ছাড়া কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজসহ শহরের প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়েছে। উপস্থিতিও ছিল ভালো।
গাইবান্ধার সাতটি উপজেলায় মাদ্রাসাসহ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২ হাজার ৪৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে পাঠদান প্রায় স্বাভাবিক আছে।
গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এই বিদ্যালয়ে অবরোধের আগে যেমন উপস্থিতি ছিল, এখনো তাই আছে। তবে দূরের শিক্ষকেরা সাপ্তাহিক ছুটিতে বাড়ি যেতে পারছেন না। যাতায়াত নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক আছে।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির প্রথম আলোকে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা হতাশ। আমরা এ জন্য একটি সমঝোতা চাইছি। আর শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার দাবি জানাচ্ছি।’
সার্বিক পরিস্থিতি জানিয়ে মন্তব্য করতে বললে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘বিএনপি-জামায়াত জোট আন্দোলন করুক, সমস্যা নেই। কিন্তু তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এটা অমানবিক ও অগ্রহণযোগ্য।’ চলমান সহিংস পরিস্থিতিতে শিক্ষাতেই নেতিবাচক প্রভাব ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই সর্বনাশা কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন রাজশাহী থেকে আবুল কালাম মুহম্মদ আজাদ, চট্টগ্রাম থেকে প্রণব বল, রংপুর থেকে আরিফুল হক, খুলনা থেকে মামুনুর রশীদ, গাইবান্ধা থেকে শাহাবুল শাহীন, সিলেট থেকে সুমনকুমার দাশ}