সংকটের একমাত্র সমাধান গণতান্ত্রিক সংবিধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে ‘মুক্তিযুদ্ধ’ শব্দটি আর নেই। আর বিএনপির ধর্মীয় চেতনায় ‘ধর্ম’ বলে কিছু নেই। একটির উদ্দেশ্য ক্ষমতায় থাকা, আরেকটির ক্ষমতায় যাওয়া। তবে সংকটের একমাত্র সমাধান গণতান্ত্রিক সংবিধান।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণসংহতি আন্দোলনের বর্ষপূতির এক যুগ পালনের সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আপনারা দেখেছেন বাংলাদেশের কোনো ধর্মীয় দল শ্রমিকদের অধিকার রক্ষায় রাস্তায় নামেনি। বাংলাদেশের মানুষ ন্যায় ও ইনসাফভিত্তিক শাসন চায়। জনগণের ক্ষমতায়নের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সংবিধান। এ জন্য জনগণকে আমাদের আন্দোলনে সম্পৃক্ত করতে হবে।’
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক আবদুস সাত্তার, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফিরোজ আলম, গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার, প্রতিবেশ আন্দোলনের সমন্বয়ক আবুল হাসান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক প্রমুখ।
সমাবেশে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। বেলা তিনটার পরপরই প্রেসক্লাবের মূল ফটকের সামনে সমাবেশ শুরু হয়। এ সময় প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে গণসংহতি আন্দোলন।