সংবিধানের সংশোধনী প্রসঙ্গে সুজনের গোলটেবিল
সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কিছু করাই গণতন্ত্র নয়: ড. কামাল

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও অন্যতম সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীর জন্য সবার মতামত নিতে হবে। এ জন্য জাতীয় সংলাপের প্রয়োজন। শুধু এই সংশোধনী নয়, কোনো সংশোধনী এভাবে তড়িঘড়ি করে আসতে পারে না।
‘সংবিধান সংশোধন, বিচারপতিদের অভিশংসন ও এর সম্ভাব্য তাৎপর্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ড. কামাল হোসেন গতকাল সোমবার এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বৈঠকে কামাল হোসেন আরও বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কিছু করাই গণতন্ত্র নয়। চার মিনিটে ঢাকাকে দুটি সিটি করপোরেশনে ভাগ করে দেওয়া হলো সংখ্যাগরিষ্ঠতার জোরে, এটা গণতন্ত্র নয়। সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের জন্য জাতীয় ঐকমত্যের দরকার। সংবিধান সংশোধন করতে গেলে তার কারণ বলতে হবে।
বিচারক নিয়োগের আইন এখনো হয়নি কেন—এই প্রশ্ন তুলে কামাল হোসেন বলেন, ‘বিচার বিভাগের জন্য জরুরি বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে হঠাৎ সংবিধান সংশোধন কেন? বিচারকদের অপসারণের বিষয়ে বিভিন্ন দেশের উদাহরণ আনা হচ্ছে। এতে পার্লামেন্টের নিরপেক্ষতা ও ঐতিহ্যের বিষয় আছে। যুক্তরাষ্ট্রে প্রথম অভিশংসন হয়েছে ১৮০৫ সালে। তাদের ২০০ বছরের অভিজ্ঞতা আছে। ভারতের ৬০-৭০ বছরের অভিজ্ঞতা আছে। আমাদের ৪২ বছর বয়স হয়েছে, কিন্তু এই ৪২ বছরে সংসদ কি নিরপেক্ষতার প্রমাণ রাখতে পেরেছে?’
আপিল ও হাইকোর্ট বিভাগ এবং স্পিকার মনোনীত সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবীকে নিয়ে তদন্ত কমিটি গঠন করে বিচারপতিদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তদন্ত করা যেতে পারে বলে প্রস্তাব দেন বিচারপতি কাজী এবাদুল হক। তিনি বলেন, ‘আজকালকার বিচারপতিরা ধোয়া তুলসীপাতা নন। এমন অনেক বিচারক আছেন, যাঁদের কথা শুনলে আমাদের মাথা নুয়ে যায়। আইন করে কি আর সেসব সংশোধন করা যাবে? ৯৬ অনুচ্ছেদ সংবিধানে পুনঃস্থাপন করলেই যে বিচারপতিদের ক্ষমতা চলে যাবে, এমনও নয়। তবে বিচারকদের সৎ, ন্যায়নিষ্ঠ হতে হবে।’
বিচারপতি আমিরুল কবীর চৌধুরী বলেন, অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে যাওয়ার আগে বিচারক নিয়োগের জন্য নির্দিষ্ট আইন ও বিধান থাকা উচিত, যাতে নিরপেক্ষ ও যোগ্য লোক বিচারপতি হতে পারেন। এই সংশোধনীর ফলে রাষ্ট্রের ভারসাম্য নষ্ট হবে বলে আশঙ্কা প্রকাশ করেন কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ।
সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের পদ্ধতি সাংবিধানিক পদধারী প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। মনে হয়, সরকার এক ঢিলে অনেকগুলো পাখি মারার উদ্যোগ নিয়েছে।’
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি বিচারপতিদের নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত রকিবউদ্দীন সাহেবদেরসহ (প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ) সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে। তখন যেতে-আসতে তাঁদের হুমকি দেওয়া হবে।’
অধ্যাপক আসিফ নজরুল বলেন, এত ঢাকঢোল পিটিয়ে পঞ্চদশ সংশোধনী করা হলো, সে সময় কেন এটা করা হলো না? পৃথিবীর অন্য দেশের উদাহরণ দিয়ে বলা হয়, সেখানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা আইনসভার হাতে। কিন্তু পৃথিবীর কোনো দেশে কি এমন অদ্ভুত রসিকতাপূর্ণ ও ভুয়া নির্বাচন হয়েছে, যেখানে বেশির ভাগ সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন?
সাংবাদিক মিজানুর রহমান খান বলেন, ‘বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার বিষয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু তাঁদের দৈনন্দিন জীবনে আচরণবিধির যে ব্যত্যয় ঘটছে, তা দেখার কোনো উপায় নেই। কথায় কথায় তো আপনি বিচারকদের বাড়ি পাঠাতে পারেন না। বিমানের টিকিট পরিবর্তন করা, সার্কিট হাউস ব্যবহার, বঙ্গবন্ধু সেতুর টোল আদায় নিয়ে সমস্যা—এগুলোকে আমি মনে করি প্রধান ইস্যু।’ গোলটেবিলে আরও আলোচনা করেন অধ্যাপক দিলারা চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, মীজানূর রহমান শেলী, অধ্যাপক বোরহানউদ্দিন প্রমুখ।