সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ: মির্জা ফখরুল
বর্তমান সরকার সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকেলে রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক প্রার্থনা সভায় তিনি এ দাবি করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভাটির আয়োজন করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করলেও গত ৫ বছরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, প্রতিবেদন অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে—এটিই বাস্তবতা।
দুর্ভাগ্যজনকভাবে দেশের মানুষ ভোটাধিকার, ধর্মীয় ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দেশে গণতন্ত্রহীনতা চলছে।
ভোটাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় দলমত–নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, দেশে যাতে গণতন্ত্র, সত্য ও সুন্দর প্রতিষ্ঠিত হয়—এই হোক প্রার্থনা।
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য করেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জিয়াউর রহমানের স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি বিএনপির বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে আটকে রাখা হয়েছে বলে তাঁর মুক্তি দাবি করেন।
প্রার্থনা সভায় বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস, বিএনপির চেয়ারপারসনের একান্ত সহকারী আবদুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক সুপ্রিয় দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।