সব সময় ক্ষমতাসীন লোকদের মাধ্যমে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন কেন কমে গেছে—এই প্রশ্ন রেখে সন্তু লারমা নিজেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘থাকতে না পেরে তারা ভারতে আশ্রয় নিয়েছে।’
গতকাল শুক্রবার বিকেলে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সন্তু লারমা। চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকা সন্তু লারমা বলেন, ‘বাংলাদেশের সংবিধান গণমুখী এবং প্রগতিশীল—এটা আমি দাবি করতে পারি না। কারণ, ১৯৮৮ সালে এই সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং ৫০টি ভাষার আদিবাসী লোকজনের অবস্থান কোথায়?’
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি পরিমল চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।
অনুষ্ঠানে সুলতানা কামাল বলেন, রাষ্ট্রের কোনো ধর্মীয় পরিচয় থাকবে না। পাকিস্তান থেকে আলাদা হয়ে আরেকটি পাকিস্তান তৈরি হবে না। এ জন্যই একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল। ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশ গঠনের লক্ষ্যে স্বাধীনতাবিরোধী কিছু লোক ছাড়া এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ দলমত-নির্বিশেষে সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে আবার বিপরীত ধারা দেখা যাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে অধিকার আদায়ের সংগ্রাম করতে হচ্ছে।
রাজনৈতিক চিন্তাচেতনায় প্রচুর প্রতারণা ঢুকে গেছে, এমন মন্তব্য করে সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হবে—এটাই প্রত্যাশা ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী যারা ছিল, তাদের ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী যেন দেশ চলছে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, বিএনপি, জামায়াত এবং আওয়ামী লীগের একটি অংশ সংখ্যালঘুদের ওপর এখনো হামলা-নির্যাতন চালিয়ে যাচ্ছে। যেসব সাংসদ সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছেন, তাঁদের আগামী নির্বাচনে প্রার্থী না করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি। তাঁরা যদি আবার প্রার্থী হন, তাহলে ভোট বর্জন করা ছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের আর কোনো পথ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।