বরিশালের উজিরপুর উপজেলায় মাছ ধরার নৌকা ও জেলেদের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তারের পর এবার সংগঠন থেকে বহিষ্কৃত হলেন জাহিদুল ইসলাম। তিনি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও শোলক ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোয় সংগঠনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ডাকাতির ঘটনায় জাহিদের সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাঁকে সংগঠনের পদ ও সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ. আজিজ সিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জড়িত যুবলীগ কর্মী জামাল হোসেন, সুমন খান, লিমন কাজী, কুদ্দুস সিকদার ও সুবোধ মাঝি দলীয় কোনো পদে না থাকায় তাঁদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু তাঁদের দলীয় সব কর্মকাণ্ড থেকে বর্জনের সিদ্ধান্ত হয়।
এর আগে বুধবার বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত একই স্থানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে এক জরুরি বৈঠক করেন বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস। সভায় সাংসদ ডাকাতির বিষয়টি নিশ্চিত হয়ে দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
গত সোমবার রাতে পুলিশ পরিচয়ে হারতা ইউনিয়নে সন্ধ্যা নদীতে প্রায় ২০টি মাছ ধরার নৌকা ও ট্রলার এবং নাতারকান্দী গ্রামের জেলেপাড়ার পাঁচটি বাড়িতে ডাকাতি করেন যুবলীগের সাত নেতা-কর্মী। এ সময় জনতা ছয়জনকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। কিন্তু পুলিশ রাজনৈতিক পরিচয় জেনে তাঁদের ছেড়ে দেয়। পরে অবশ্য মামলা নিয়ে ডাকাতিতে নেতৃত্বদানকারী যুবলীগ নেতা জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।