সংঘর্ষ চলাকালে যুবলীগ নেতা অসুস্থ, পরে মৃত্যু
নাটোরের হরিশপুর বাইপাস এলাকায় গত শনিবার রাতে যুবলীগের কর্মীদের সঙ্গে শ্রমিক লীগের কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় জেলা যুবলীগের প্রচার সম্পাদক ইদ্রিস আলী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।
নাটোর থানা-পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে হরিশপুর বাইপাস এলাকায় যুবলীগের কিছুসংখ্যক কর্মীর সঙ্গে পরিবহন শ্রমিক লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে শ্রমিক লীগ নেতা আকরাম হোসেন গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় জেলা যুবলীগের প্রচার সম্পাদক ইদ্রিস আলী আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
সদর হাসপাতালের আরএমও আবুল কালাম আজাদ বলেন, ইদ্রিস আলী ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অনেক চেষ্টা করেও তাঁকে সুস্থ করা যায়নি। হয়তো তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
সদ্যবিদায়ী জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।