সংঘর্ষ-হানাহানিতে উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকারের সবচেয়ে সক্রিয় ও সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। প্রথম ধাপে যে ৭৩৪টি ইউপিতে ভোট গ্রহণের কথা, তার মধ্যে কাল ৭২১টিতে ভোট গ্রহণ করা হবে। অবশিষ্ট ১৩টির মধ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউপিতে ২৩ মার্চ ও কক্সবাজারের টেকনাফের দুটি ইউপিতে ২৭ মার্চ ভোট গ্রহণ করা হবে।
দেশে এবারই প্রথম রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে ইউপি নির্বাচন হচ্ছে। আগামী জুন পর্যন্ত মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপি নির্বাচন ঘিরে তৃণমূলে সর্বস্তরের মানুষের মধ্যে সব সময়ই বিশেষ উৎসাহ-উদ্দীপনা থাকে। কিন্তু এবার নির্বাচনে জনমনে উৎকণ্ঠা বেশি।
কারণ নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই প্রায় সব ইউপিতে প্রতিপক্ষকে প্রার্থী হতে বাধা দেওয়া, সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। নির্বাচন কমিশন (ইসি) ও সরেজমিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল পর্যন্ত সংঘটিত সংঘর্ষে নয়জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন দুই হাজারের মতো লোক। মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থক ও দলটির ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যেই সহিংসতার অধিকাংশ ঘটনা ঘটছে।
এসব সংঘর্ষ-হানাহানির ধারাবাহিকতায় গত শনিবার রাত থেকে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আট জেলার ১০টি ইউনিয়নে সংঘর্ষ, বাড়িঘর ও অফিসে হামলা, পাল্টাপাল্টি ধাওয়াসহ বিভিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। সহিংসতায় পাবনার বেড়ায় একজন গুলিতে নিহত হয়েছেন। এ ছাড়া ভোলায় একজন প্রার্থীর কবজি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ। এ ছাড়া কেরানীগঞ্জের শুভাঢ্যা, পটুয়াখালীর বাউফল, বরিশালের গৌরনদী, গোপালগঞ্জ সদর, নাটোরের লালপুর, শেরপুরের নালিতাবাড়ী, কিশোরগঞ্জের বাজিতপুর প্রভৃতি উপজেলার বিভিন্ন ইউপিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকালের এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮৯ জন।
সংঘর্ষ, হানাহানি ও অসদাচরণের ঘটনায় নির্বাচন কমিশনে পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়ে। তবে কমিশন সেগুলোকে আমলে নেয়নি। তারা বরং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জেলা নির্বাচন কর্মকর্তাদের দিয়ে তদন্ত করিয়ে কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। ইসি সূত্র জানায়, গতকালও ইসি সচিবালয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে।
প্রথম ধাপের নির্বাচনে ৫৪টি ইউপিতে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষিত হতে যাচ্ছেন। পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠি ইউপিতে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। একই পদে ১২১টি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। এর বাইরে জাতীয় পার্টি ১২৭, জাসদ ২৯, বিকল্পধারা ৪, ওয়ার্কার্স পার্টি ২৩, জাতীয় পার্টি-জেপি ১৭, বিএনএফ ৭, সিপিবি ৪, তরিকত ফেডারেশন ১, জমিয়তে উলামায়ে ইসলাম ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২২৭ ও ন্যাপ ৩টি ইউপিতে প্রার্থী মনোনয়ন দিয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রার্থীর সংখ্যা ৩ হাজার ৩৪ জন।
সাধারণ সদস্য (মেম্বার) পদে মোট প্রার্থীর সংখ্যা ২৫ হাজার ৮৪৭ জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে আছেন ১৭৯ জন। সংরক্ষিত সদস্য পদে প্রার্থী ৭ হাজার ৫৭৫ জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বী ৫৪ জন।