সংঘর্ষ, হামলা, নির্বাচনী কার্যালয়ে আগুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা গ্রামে গত শনিবার রাতে আওয়ামী লীগের দলীয় ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে দুই প্রার্থীর বাড়িঘরে ভাঙচুর, আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর এবং মোটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে তিনজন আহত হন। শনিবার দিনগত রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এনামুল হকের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।
সরিষাবাড়ীতে দুই চেয়ারম্যান প্রার্থীর প্রচারণার মাইক ভাঙচুর এবং যুবদলের এক নেতাকে পিটিয়ে আহত করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: থানা-পুলিশ, দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের চরনরিনা গ্রামের পাশে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক ও তাঁর সমর্থকেরা শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতবিনিময় সভা করছিলেন। এ সময় আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হকের (বিএ) পক্ষে শাহজাদপুর থেকে যুবলীগের নেতা আশিকুল হকের নেতৃত্বে নেতা-কর্মীরা ওই গ্রামে প্রচার চালাতে যান। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি, পরে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। পরে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় ও সাতটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
পড়ে বিক্ষুব্ধ লোকজন দুই চেয়ারম্যান প্রার্থী ও এক ইউপি সদস্য প্রার্থীর বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট করেন।
বিদ্রোহী প্রার্থী ফজলুল বলেন, ‘আমার একটি মতবিনিময় সভায় দলীয় প্রার্থীর সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এ সময় উত্তেজিত সমর্থকেরা তাদের প্রতিহত করেছে। ফিরে যাওয়ার সময় তারা আমার এবং আমার এক সমর্থক ইউপি সদস্য প্রার্থীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে।’
আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক যুবলীগের নেতা আশিকুর রহমান বলেন, ‘বিদ্রোহী প্রার্থীর লোকজন আমাদের ওপর হামলা চালায়। তারা মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ভাঙচুর, আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় ও দলীয় প্রার্থীর বাড়িতেও ভাঙচুর করে।’
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, ভোটকে কেন্দ্র করেই আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফজলুল হক বাদী হয়ে বিদ্রোহী প্রার্থীসহ ১২৪ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। অপর দিকে ফজলুল হক বাদী হয়ে দলীয় প্রার্থীসহ আরও ২৫ জনকে আসামি করে সিরাজগঞ্জ আদালতে মামলা করেন।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তালশহর পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এনামুল হকের নির্বাচনী কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
এনামুল হক অভিযোগ করেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকেরা তাঁর কার্যালয়ে আগুন দিয়েছে।
এনামুল হকের সমর্থকেরা বলেন, তালশহর পূর্ব ইউনিয়নের সোনাসার গ্রামে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হকের একটি নির্বাচনী কার্যালয় করা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে মনিরুল ইসলামের সমর্থকেরা কেরোসিন ঢেলে ওই কার্যালয় আগুন ধরিয়ে দেয়। কার্যালয়ের বাইরে থাকা নৌকা প্রতীক ভেঙে পানিতে ফেলে দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম বলেন, ‘এনাম ভাইয়ের কার্যালয় ভাঙার দুশ্চিন্তা তো মাথায় আনতে পারি না। এলাকায় তাঁর একাধিক নির্বাচনী তোরণ রয়েছে। এসব তো কেউ ভাঙেনি। আর আমি বা আমার কোনো কর্মী তাঁদের কোনো ভয় দেখায়নি।’
সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ বলেন, ‘শনিবার রাতে আমার প্রচারণার মাইক চাপাকোনা বাজার এলাকায় গেলে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনের লোকজন মাইক ভাঙচুর করে। নাসির উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেন।
মহাদান ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল হারুন অভিযোগ করেন, শনিবার চেরাগ আলী মোড়ে আওয়ামী লীগের প্রার্থী আনিছুর রহমান জুয়েলের লোকজন তাঁর প্রচার মাইক ভাঙচুর করেন। তবে আনিছুর রহমান এ অভিযোগ অস্বীকার করেন।
এদিকে গতকাল রোববার বেলা ১১টায় চাপারকোনা বাজার এলাকায় ডোয়াইল ইউনিয়ন যুবদলের সদস্য ছাইদুর রহমানকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনের লোকজন নৌকা মার্কার পক্ষে ভোট চাওয়ার জন্য চাপ দেন। যুবদলের নেতা রাজি না হলে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’